ছোটদের কথা
ছোটদের কথা
আরো একটি চৈত্রের অবসান!
অতএব, আবার দিন শুরু
নতুন বছরের, তিনশো পঁয়ষট্টি দিনের।
ঋতুর পরিবর্তন, অবস্থার পরিবর্তন,
বয়সের পরিবর্তন, সর্বোপরি
মানসিকতার পালা বদল!
সহযোগিতার আর সহমর্মিতার
আসা-যাওয়া চলবে,
হাজার কিন্তু এবং যদির
সংশয় থাকবে প্রতিটি পাতায়।
তবুও থাকবে এগিয়ে যাওয়ার
দুর্দান্ত হার না মানা প্রত্যয়।
অপেক্ষা থাকবে নতুন স্বপ্নের।
স্বপ্ন পূরণের বাসনা থাকবে,
তা সে পূর্ণতার যাদুকাঠি
নাইবা পারলে ছুঁতে!
থাকবে সব হারানোর বেদনা।
থাকবে ছোট্ট ফুল ফোটার আনন্দ।
ফেলে আসা স্বপ্নগুলো
মাঝে মাঝে তির্যক হাসি
হেসে ব্যঙ্গ করে যাবে।
নতুন দরজা খুলে যাবে হয়তো।
অভিজ্ঞতার সিঞ্চনে, মনের আবেগে
প্রাণ ভাসাবো তাতেই হয়তো!
জীবনের রূপকার আমি!
তাই থমকে যাবো না।
নতুন ফুল ফোটাতে, নতুনের
আলো নিয়ে এগিয়ে যাব
অনির্দিষ্টের পথে।
তাই গ্লানি ঘুচিয়ে, পরশপাথরের
আশায়, চরৈবেতি মন্ত্রে,
জীবন প্রদীপ জ্বালাতে
যাত্রা থাকবে অব্যাহত!