ছোটদের কথা
ছোটদের কথা
ছোটো পাখি তুমি কত দূর থেকে এলে
এসেই এখন করছ যে ডাকাডাকি,
তোমাকে কি কেউ এখানে আসতে বলে--
ছোটো গাছ একা জেগে বসে থাকে নাকি?
তোমার সঙ্গে উড়ে এল কত পাখি
কত দেশে থাকে কত যে তাদের নাম,
সে-সব আমি কি এ-মনে রাখতে পারি?
তুমি কি জানো না কাকে বলে বিশ্রাম?
ছোটো পাখি তুমি এনেছ খুশির দিন
সারাদিন গান শোনে মাঠ-প্রান্তর,
কোন নদী তীরে তোমার মা বাবা থাকে
তোমাদের বুঝি ছোট্ট মাটির ঘর?
ছোটো পাখি তুমি মেলেছ তোমার ডানা
হাওয়া ভেদ করে শিখরে উঠতে চাও,
তোমাকে বাঁধতে পারেনি তো আজো কেউ
প্রাণ ভরা খুশি কোথা এত খুঁজে পাও?
ছোটো পাখি তুমি কত সুর এনে দিলে
কত দেশে যাও উড়ে উড়ে করো খেলা,
তোমায় আমরা জেনো খুব ভালবাসি
তুমিই এনেছ রঙচঙে ভোরবেলা।