ছোটদের কথা
ছোটদের কথা
সপ্তম শ্রেণি, মোহপুর উচ্চ বিদ্যালয়
গত ২২.০২.২৬ তারিখে আমি বর্ধমানের শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের গিয়েছিলাম টেলিস্কোপে মহাকাশ দেখার জন্য। বনপাশ কিশোর বাহিনী সুকান্ত শাখা আমাদের সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। প্রথমে সেখানে ‘জ্যোতির্বিদ্যা ও বিজ্ঞান মনস্কতা’ বিষয়ে আলোচনা হচ্ছিল, আমরাও সেই আলোচনা সভায় যোগদান করি। খুব ভালো লাগে আমার। আমরা জানতে পারি অনেক নতুন তথ্য। আলোচনার শেষে লাইন করে আমাদের নিয়ে যাওয়া হয় ছাদে সেখানে দুটি টেলিস্কোপ ছিল। প্রথমটি চাঁদের দিকে মুখ করে ও দ্বিতীয়টি ছোট্টো একটি তারার দিকে মুখ করে ছিল। আমরা সবাই একে একে লাইন করে টেলিস্কোপের চোখে চোখ রেখে আকাশের দিকে চাইলাম। প্রথমে আমরা চাঁদকে দেখলাম। আমরা চাঁদের গর্তগুলোকে স্পষ্ট দেখতে পেলাম। তারপর আমরা সেই ছোট্ট তারাটিকে দেখলাম। জেনে অবাক হলাম সেই ছোট্ট তারাটি তারা নয় সূর্যের একটি গ্রহ বৃহস্পতি। ওইদিন আমাদের সাথে উপস্থিত ছিলেন ডাঃ শংকর নাথ। একজন চিকিৎসক, গায়ক ও সাহিত্যিক। তিনি এসবের সাথে জ্যোতির্বিজ্ঞান নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। অনুষ্ঠান শুরু হয়েছিল তাঁর গাওয়া একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে। অবশ্য সেটি শোনার ভাগ্য আমার হয়নি। কারণ আমরা সেখানে একটু দেরিতে পৌঁছাই। তবু আমি ধন্য একজন বিশিষ্ট জ্যোতিবির্জ্ঞানীর সঙ্গে দেখা করতে পেরে। এই সব কিছুই সম্ভব আমাদের নতুন বন্ধু ধীরেন্দ্রনাথ সুর মহাশয়ের জন্য। তিনিই আমাদের এই অনুষ্ঠানের কথা জানান। তাঁর কাছে আমি কৃতজ্ঞ।