ছোটদের কথা
ছোটদের কথা
সরস্বতী বিদ্যেবতী
কোথায় তোমার ঘর?
কতদূর পড়াশোনা
কে বা তোমার বর?
সরস্বতী বিদ্যেবতী
ডিগ্রী কত-শত
স্কুল কামাই করলে পরে
মা তোমাকে বকত?
তানপুরাটা শিখলে কবে
কে তোমার গুরু
ছোটোবেলা থেকেই কি
সকল শেখার শুরু?
সরস্বতী বিদ্যেবতী
বইমেলাতে যেতে?
বাবার সঙ্গে হাত ধরে
কী কী বই কিনতে?
আঁকলে ছবি অঙ্ক খাতায়
পানিশমেন্ট কি হতো?
পেরেন্টস মিটিং হলে পরে
মা বাবা কি যেতো?
সরস্বতী গুণবতী
গুণ যে তোমার কতো
তোমারও কি পিঠের ওপর
বইয়ের বোঝা থাকতো?
আমিও দিলাম খোলা চিঠি
একটিবার দেখো
পরীক্ষাতে পরের ক্লাসটা
আমার জন্য রেখো।
জীবনের পরীক্ষাতে
উতরে যেন যাই
নিয়মগুলো শিথিল করে
একটু খেলতে পাই।