ছোটদের কথা
ছোটদের কথা
স্নেহের ছোট্ট বন্ধুরা,
ইংরেজি নববর্ষ ২০২৬-এ তোমাদের ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। নতুন বছরে তোমাদের একটা নতুন খবর দিয়ে তোমাদের প্রিয় ছোটদের কথা’র যাত্রা শুরু করি। পঞ্চাশ বছর আগে ছোটদের কথা’র পাঠক-পাঠিকা, তাদের অভিভাবকদের নিয়ে ছোটদের আসরে জড়ো হতাম। ছোটদের কথা পড়া হত কবিতা, গল্প পাঠ হতো। গল্প, কবিতা লেখার জন্য ছোটদের উৎসাহ দেওয়া হতো। প্রথমদিকের উৎসাহী ছোট পাঠক-পাঠিকা আস্তে আস্তে বড় হবার এবং আরো বিভিন্ন কারণে সেটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। বর্তমান ইংরেজি ও হিন্দি মাধ্যমকে কাজের ভাষা আর বাংলা কাজের ভাষা নয় এরকম একটা কথা বহুল প্রচলিত হচ্ছে। ছোটদের মধ্যে পাঠ্য বই ছাড়া ভাল গল্প, কবিতার বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। অনেক অভিভাবকও বাইরের বই পড়লে পড়ার ক্ষতি হবে বলে মনে করেন। আমরা এ বিষয়ে এখনো ‘মাতৃভাষা মাতৃদুগ্ধ’ এই বিশ্বাসে অবিচল। তাই ছোটদের পত্রিকা ছাপলেই হবে না সেটা যাতে ছোটরা পড়ে এবং বাংলা ভাষা ও তার সমৃদ্ধ উত্তরাধিকারের প্রতি যাতে তাদের ভালবাসা জন্মায় সেটাও দেখা আমাদের কাজ বলে মনে করি। এ বিষয়ে আমরা আমাদের লেখক-লেখিকাদের পরামর্শ ও সহযোগিতা চাই। আমাদের সেই আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসেন আমাদের প্রথম থেকেই লেখক কবি বিজন গঙ্গোপাধ্যায়। তাঁর সহযোগিতা ও আহ্বানে গত ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার শতবর্ষ প্রাচীন জাড়গ্রাম মাখনলাল গ্রন্থাগারে উপস্থিত হয়েছিলাম জাড়গ্রামের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের কচিকাঁচাদের আসরে। প্রথমে কিছু বলতে আড়ষ্টতা থাকলেও কিছুক্ষণের মধ্যে জড়তা কাটিয়ে একে একে কেউ কবিতা পাঠ, কেউ আবৃত্তি, কেউবা মন খুলে হারমোনিয়াম নিয়ে গান গেয়ে নিজেরা আনন্দ পেল, অন্যদের আনন্দ দিল। দেখতে দেখতে দুপুরটা কেটে গেল। গ্রন্থাগারের পক্ষ থেকে প্রত্যেকের হাতে একটু টিফিন তুলে দিলেন। এরপর গ্রন্থাগারের পরিচালন সমিতির সদস্যবৃন্দ বহু প্রাচীন হাতে লেখা পুঁথি, প্রাচীন সব সংগ্রহ ঘুরে দেখান।
এই আয়োজন সফল করে তুলতে সহযোগিতা করেন সর্বশ্রী সুনীল কুমার চট্টোপাধ্যায়, বিজন গঙ্গোপাধ্যায়, প্রদ্যুত বন্দ্যোপাধ্যায়, অনুপ ঘোষাল, ডাঃ প্রহ্লাদ পাল, অনিমেষ পোড়েল, সুরজিত পাত্র, রণজিত সিংহ, দীপ্তি চক্রবর্তী। ছোটদের কথা পরিবারের পক্ষ থেকে এঁদের সকলের উদ্দেশ্যে আমরা কৃতজ্ঞতা জানাই। এক সুন্দর গ্রামীণ পরিবেশে একটা দুপুর এতজন কচিকাঁচাদের কলকাকালির মধ্যে কাটিয়ে এক বুক অনাবিল আনন্দভরপুর স্মৃতি নিয়ে বাড়ি ফিরি। আর একবার উচ্চারণ করি ছোটদের কথা’র জন্মলগ্নের অঙ্গীকার--
‘‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
এ আমার দৃঢ় অঙ্গীকার।’’
ইতি—
তোমাদের সম্পাদক