ছোটদের কথা
ছোটদের কথা
উঠোন জুড়ে একটা চড়ুই নিচ্ছে খুঁটে খাবার দানা
অন্যটিও ফুড়ুৎ করে বসলো এসে উঠোনটিতে
বাসায় তাদের খাবার জন্যে হাঁ করে দুই ছোট্টখানা
উঠোন থেকে তাই দুজনের যাওয়া আসা ঘুলঘুলিতে।
এসব কিছুই দেখছে বসে জানলা দিয়ে শুভমিতা
কেমন করে বসছে এসে, খাবার নিয়ে যাচ্ছে উড়ে,
প্রশ্ন মনে, চড়ুই দুটোর কোনটা যে মা, কোনটা পিতা
ঠোঁট ভরে ঠিক নিচ্ছে খুঁটে, নাচছে দুটোয় ঘুরে ঘুরে।
স্বপ্ন ভরা দুচোখ ওদের দিচ্ছে দেখা খুশির ঝিলিক
ভাঙাভাঙির ধার ধারে না, ওদের স্বপ্ন কেবল গড়া
কোনো কিছু বাধ মানে না, ওরাই শুধু জানে যে ঠিক
দুখের চাবি হারিয়ে ফেলে সুখ দিয়ে যায় সৃষ্টি করা।
শুভমিতার ইস্কুলও নেই, নেই যে খেলার সঙ্গী সাথি
বাইরে যাওয়া এখন মানা, তাই রয়েছে বন্দী ঘরে,
সবই কেমন হারিয়ে গেল হঠাৎ করেই রাতারাতি
স্বপ্ন দেখা মনটা যে তার চড়ুই হয়ে কেবল ওড়ে।