ছোটদের কথা
ছোটদের কথা
ক্ষুদের আশায় দুধের শিশু
মরছে-রে বুক শুকিয়ে!
সুদের টাকায় কোপ্তা-কাবাব
খাচ্ছে কে মুখ লুকিয়ে?
এসব কথা ভাবলে মনে
ভীষণ ব্যথা পাইরে ভাই!
বাঘের মতই গর্জে উঠুন--
‘‘এদের ন্যায্য বিচার চাই’’॥
অযুত-নিযুত অনাথ-শিশু
কাটায় জীবন রাস্তাতেই!
অনাদরে-অবহেলায়
ডাস্টবিনেরই পাশটাতেই!!
এদের কথা ভাবলে বুকে
ভীষণ ব্যথা পাইরে ভাই!
বীরের মতন চেঁচিয়ে বলুন
‘‘এদের বাঁচার সুযোগ চাই’’!!
ব্রেকফাস্ট্-লাঞ্চ্-সাপার-ডিনার
খাচ্ছো দিনে, খাও রাতে!
যিশুর শিশু খাবার খোঁজে
শেয়ালদা আর হাওড়াতে!!
‘‘সুস্থ শিশুই গর্ব জাতির’’
গাল-ভরা এই মন্তরে!
শিশুরা কি স্বর্গে যাবে,
জাগবে পুলক অন্তরে?
শাক দিয়ে মাছ যায় না ঢাকা
যায় না চাপা দোষটারে।
শিশুর দুঃখ মিটবে না ভাই
ফেষ্টুনে আর পোষ্টারে!!
যতই করুন মিটিং-মিছিল
পার্কে-মাঠে-উদ্যানে!
লাভ কি বলুন, একদিনের এই
লজেন্স-লেবু-দুধ দানে?
আস্তাকুঁড়ে যাদের জীবন
কাটছে ফ্যান আর ক্ষুদ খেয়ে
তারা কি সব স্বর্গে যাবে
একদিনের ওই দুধ পেয়ে?
রাস্তাঘাটে ধুঁকছে শিশু
মরছে যে অপুষ্টিতেই!
মিটিং-মিছিল করেই আমরা
নাচছি আত্মতুষ্টিতেই!!
ঘুমোয় শুনি শিশুর পিতা
সব শিশুরই অন্তরে!
তাদের সে ঘুম কে ভাঙাবে
নোতুন দিনের মন্তরে??