ছোটদের কথা
ছোটদের কথা
ময়নারা সুর ভাঁজে
কাকাতুয়া শোনে,
শালিকেরা খড়কুটো
দিয়ে নীড় বোনে।
বাবুই পাখির নীড়
ভরা কারুকাজে,
কাক বক তাই দেখে
মুখ ঢাকে লাজে!
অন্যের গৃহে নীড়
বুনছে চড়াই,
তবু ওরা সে-নীড়ের
করেই বড়াই!
টুনটুনি দুটি পাতা
ঠোঁটে করে মিলি,
নীড় বুনে থাকে ওরা
সুখে নিরিবিলি।
ঝোপঝাড়ে নীড় গড়ে
থাকে ঘুঘু পাখি
সারাদিন মনোদুখে
কাঁদে থাকি থাকি!!