ছোটদের কথা
ছোটদের কথা
ট্যুরিস্টদের স্যান্ড ডিউন হোটেলের সামনে নামিয়ে দিয়ে নিজেদের উট ফকিরাকে নিয়ে এজাজ (১) বাসায় ফিরছিল। ফকিরার গলায় আর মুখে বাঁধা দড়িটাকে সে আলতো করে ধরে রেখেছে। থর মরুভূমিতে ট্যুরিস্টদের সূর্যোদয় আর সূর্যাস্ত দেখিয়ে তাদের যা রোজগার হয়, তা দিয়েই তাদের সংসার চলে। যবে থেকে খনিজ আর পাথরের জন্য আরাবল্লী পাহাড় ভাঙা হচ্ছে তবে থেকে এসব অঞ্চলে থেকে থেকেই ধুলোর ঝড় ওঠে। তাইতো কিছুদিন হল এজাজের আব্বু মজিদের হাঁপানি হয়ে গেছে। ফলে এই বারো তেরো বছরের ছেলেটাকে সংসারের হাল ধরতে হয়েছে।
হঠাৎ সূর্যের তেজ যেন ম্লান হয়ে গেল। সামনের বালির পাহাড় থেকে আসা এক ঘূর্ণি ঝড় আকাশের দিকে উঠে গিয়ে সারা মরু প্রান্তর বেয়ে ছুটে চলল। এজাজ ছুটল--যদি কোন খেজরি (২) বা বাবলা গাছের আড়ালে সে আশ্রয় পায়। মরুভূমিতে উটেরা তো এই বাবলার ডাল পাতাই খায়। কিন্তু কোথায় খেজরি বা বাবলার গাছ?
শেষ পর্যন্ত সে বালির উপর উপুড় হয়ে, পাগড়ি দিয়ে মাথা ঢেকে শুয়ে পড়ল।
ঝড় থামতে উঠে দেখে--ফকিরা নেই। কোথায় গেল? মরুভূমিতে হারিয়ে গেল নাকি? এজাজ ব্যাকুল হয়ে চিৎকার করে কয়েক বার ডাকল, ‘ফকিরা, তুই কোথায়? ফিরে আয়। বাড়ি চল।’
কিন্তু ফকিরার কোন পাত্তাই নেই। এজাজের চোখে জল। কাল কী হবে? ফকিরা না থাকলে সে ট্যুরিস্টদের থর দেখাতে নিয়ে যাবে কী করে?
হঠাৎ দেখে সামনে একটা খেজরির গাছ। ওমা! তার আড়াল থেকে বেরিয়ে এলো একটা কৃষ্ণসার হরিণ।
‘আরে এই ঝড়ের মাঝে তুই আবার কোত্থেকে এলি?’
হরিণটা তার দিকে চেয়ে একটু একটু করে ল্যাজ নাড়তে লাগল। যেন কিছু বলতে চায়। একবার একটু এগিয়ে যায়, আবার ফিরে এসে এজাজের সামনে ল্যাজ নাড়তে থাকে। যেন বলছে, ‘অযথা দেরি করছ কেন? আমার সঙ্গে চলো। তোমার ফকিরাকে খুঁজে পাবে।’
কৃষ্ণসার বালির ওপর এগিয়ে চলে। পিছু পিছু চলে এজাজ। দুজনে পার হয়ে যায় কত না বালির পাহাড়, বাবলা আর খেজরি গাছের সারি, দু-একটা খেজুর গাছ।
ত্রু-ত্রু-কু-কর-কর--এক ফালি শুকনো ঘেসো মাঠের থেকে একটা অদ্ভুত কর্কশ স্বর এলো ভেসে। এজাজ জানে এরা কারা। কয়েকটা গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড পাখি ঘাসের মধ্যে খুঁটে খুঁটে পোকা খাচ্ছিল। এদের গায়ের রং খয়েরি, তাতে কালো কালো ছাপ। লম্বা সাদা গলা। আট থেকে চোদ্দ কিলো ওজন হলে কী হয়, এরা উড়তে পারে।
কৃষ্ণসার থমকে দাঁড়ায়, সঙ্গে এজাজ।
‘কী ব্যাপার হে? এই আন্ধি পানির দিনে চললে কোথায়?’ করাত দিয়ে কাঠ চেরাইয়ের মত শব্দ করে পক্ষী শুধোয়।
‘এই বালির ঝড়ে আমাদের উট ফকিরা হারিয়ে গেছে।’ এজাজ নিজের বিপদের কথা জানায়।
‘ঘাবড়াবার কোন কথাই নয়। আর দু-কোশ গেলে দেখতে পাবে একটা পুরনো কেল্লা। তার সিংহদ্বারের সামনে বসে আপু খান সারেঙ্গিওয়ালা তার রাবণহাত্থা বাজাচ্ছে। সেই তোমাকে তোমার উটের সন্ধান দিয়ে দেবে।’
আবার চলা। মাথার ওপর গনগনে সূর্য. খিদে তেষ্টায় এজাজ যখন কাতর, পা দুটো চলে না আর, তখন দেখতে পেলো সেই কেল্লা। তার সামনে বসে আপু খান লম্বা সারঙ্গীর মত দেখতে রাজস্থানী রাবণহাত্থা বাজাচেছ। লোকে বলে লঙ্কার রাজা রাবণ নাকি মহাদেবের তপস্যা করার সময় নিজের হাত কেটে এ বাজনা বাজাত। দশ মাথার বিশ হাত। একটা ছিঁড়ে নিলে কী আর এমন ক্ষতি? বাজনা থামিয়ে আপু খান জিজ্ঞেস করে, ‘কী ব্যাপার? কী চাই?’
সব শুনে সে রাবণহাত্থা বাজিয়ে গান ধরল, ‘আয় ধোরাণী, মরুর পরী, আপন ডানা মেলে আয়!/জাদু কাঠির ছোঁয়ায় কাটুক দুখের আঁধার জগতটায়!’
তার গান শেষ না হতেই সেই দুর্গের মাথায় দেখা দিল এক খণ্ড মেঘ। সে মেঘ প্রাচীর বেয়ে নেমে এলো। আর কী আশ্চর্য--তার মাঝেই দেখা দিল রূপালি বালির রঙের ঘাগরা পড়া এক মেয়ে। তার মাথায় সোনালি রোদের মত একটা ওড়না। তাতে মরুর আকাশে রাতের তারার মত ঝিকমিক করছে নানা রঙের চুমকি।
এজাজ হাঁ করে চেয়ে রইল।
এজাজের বিপদের কথা শুনে ধোরাণী বলল, ‘আগে চল ঐ পাবুজির মন্দিরে। তিনি হলেন মেষপালক উটপালকদের দেবতা। তাদের রক্ষক। গিয়ে ফকিরার জন্য প্রার্থনা করে এসো।’
ঠিক যেমনটি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া বা পুরুলিয়ায় পটুয়ারা পট দেখিয়ে, গান গেয়ে গেয়ে মনসা মঙ্গল বা অন্য কোন কাহিনী শোনায়, তেমনই পাবুজির মূর্তিও একটা বিশাল পটে আঁকা ছবি। কালো পোশাক পরা এক কালো ঘোড়ার সওয়ার। হাতে বর্শা। মাথায় সোনালি পাড় দেয়া কালো পাগড়ি। যোধপুর, বিকানের বা জয়সলমীরের মরুভূমিতে অনেক জায়গাতেই এনার ম¨ির আছে। গ্রাম থেকে ভেড়া, ছাগল বা উট নিয়ে বেরুবার সময়ে সবাই এখানে প্রণাম করে যায়।
প্রণাম সেরে এজাজ ফিরে আসতেই ধোরাণী বলল, ‘আগে খোঁজ নিতে হবে ফকিরা আছে কোথায়? তাহলে আমি তোকে সেখানে ঝড়ের খেয়ায় পৌঁছে দেব।’
সে তিনবার হাততালি দিতেই দুটো ময়ূর উড়ে এসে নামল, ‘আদেশ করো ধোরাণী ‘মাঈ’ করতে হবে কী/অজানাটার খোঁজ আর খবর আনতে হবে কি?’
ধোরাণী বলল, ‘দক্ষিণে আর পুবেতে যাও তোমরা দুজন উড়ে/ফকিরা উট আছে কোথায় দেখেই এসো ঘুরে।’
ময়ূর দুটো নিমেষে দু দিকে উড়ে গেল। ধোরাণী এজাজকে বলল, ‘তোর তো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে বাছা। আবু চাচা, একে একটু কিছু খেতে দাও।’
আবু খান তাড়াতাড়ি তাকে বাজরার রুটি, গুয়ারফলির তরকারি আর গুড় খেতে দিল। সঙ্গে বাওরির ঠান্ডা জল।
দুটো রুটি শেষ করে এজাজ সবে জল খাচ্ছে, ঠিক তখনই ময়ূর দুজন এসে হাজির, ‘যেখানে আরাবল্লীর পাহাড় ভেঙে পাথর আর খনিজ তুলে নিয়ে যাচ্ছে, সেইখানে ফকিরাকে বেঁধে রেখেছে। ঝড়ের মুখে পথ হারিয়ে বেচারি সেখানে পৌঁছে গেছিল।’
ধোরাণী বলল, ‘তোরা সবাই সেখানে যা। আমি তোদের সঙ্গে এজাজকে পাঠিয়ে দিচ্ছি। সরিক্ষা আর রণথম্ভোর থেকে বাঘবাবাজীদেরও ডেকে নে।’
কৃষ্ণসার, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, ময়ূর দুজন, থর মরুভূমির শেয়াল, নীলগাই এবং আরও অনেকে এসে দাঁড়াল এজাজের পাশে।
ধোরাণী নিজের গায়ের রুপালি ওড়নাটা বার দুই নাড়া দিতেই একটা ঘূর্ণি ঝড় উঠলো--দেখতে দেখতে সেই পশু-পক্ষী আর বালক সবাই উড়ে গেল আকাশ পথে। সাঁই সাঁই--হু--হু--
দূরে দেখা যাচ্ছে আরাবল্লীর ভাঙা পাহাড়। দাঁড়িয়ে আছে পাথর ভাঙার মেশিন, গাড়ি, ট্রাক, ক্র্যাশার। কত লোক। মাঝে মাঝে ব্লাস্টিঙের ভীষণ আওয়াজ, উড়ছে ধুলোর মেঘ।
এদিকে এদের হয়ে হাজির--কেওলাদেও ঘানার নানা পাখি, নাহারগড় আর রণথম্ভোরের বাঘ, তালছাপর (চুরু) থেকে আসা চিতল হরিণ, তারপর সিরোহি থেকে চিতার খুড়তুতো ভাই লেপার্ড, আবার উদয়পুরের সাজ্জানগড়ে (৩) যে দু-চারজন পশুরাজ আছেন, তারাও।
মাইনিং কোম্পানির লোকেরা ফকিরাকে দড়ি দিয়ে একটা নিম গাছের সঙ্গে বেঁধে রেখেছিল। সে খুব ছটফট করছিল বলে পেছনের পা দুটোও বেঁধে দিয়েছিল।
এজাজ ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরতেই ফকিরা তার লম্বা গলা নামিয়ে এজাজকে যেন আদর করতে করতে নালিশ জানালো, ‘ঝড়ের মুখে পথ হারিয়ে আমি এখানে এসে পড়েছিলাম। এরা তখন আমাকে বন্দি করে নিল। তখন এখানে সে কী আওয়াজ! যেন বোমা পড়ছে। সমস্ত আরাবল্লী পাহাড়টা কাঁপছিল। দূরে গ্রামের বাড়িগুলো পর্যন্ত--’
তাড়াতাড়ি ফকিরার গলার বাঁধন খুলে এজাজ যেই তার পেছনের পায়ের দড়ি খুলতে গেছে-- ততক্ষণে এখানকার লোকজন ওকে দেখতে পেয়ে মার মার করতে করতে ছুটে এলো, ‘এ্যাই ছোঁড়া, চোর কোথাকার! তুই আমাদের উট খুলে নিয়ে যাবি?’
‘চোর আমি না তোমরা? এ আমার ফকিরা। তোমরাই তো একে জোর করে বেঁধে রেখেছ!’
‘তোর উট? তার প্রমাণ?’
‘ঐ বালির ঝড়ে ও পথ হারিয়ে এখানে এসে পড়ে। আর তোমাদের কাছেই বা কি প্রমাণ আছে যে এ তোমাদের উট?’
ঐ লোকগুলোর মতলব ছিল যে তারা ফকিরাকে পুষ্করের পশু মেলায় বিক্রি করে কিছু টাকা কামিয়ে নেবে। সবাই চেঁচিয়ে উঠল, ‘ধর তো ছেলেটাকে। ওকে পুলিশে দেব।’
এতক্ষণ এজাজের সঙ্গীরা চুপচাপ আড়াল থেকে সব তামাশা দেখছিল। যেই না লোকগুলো এগিয়েছে অমনি সমস্ত পশু-পক্ষী হারে রে রে করে তেড়ে এলো।
সিংহের গর্জন শুনে তো লোকগুলোর আত্মারাম খাঁচাছাড়া।
মরুর শেয়াল রণথম্ভোরের বাঘাকে বলল, ‘মামা, তুমিও একটু নিজমূর্তি ধারণ করো না। তবে তো ব্যাটাদের মজা দেখান যাবে।’
বাঘ হেসে বলল, ‘তিষ্ঠ ভাগ্নে, তুচ্ছ ব্যাপারে পাশুপতাস্ত্র ব্যবহার করা কি বুদ্ধিমানের কাজ?’
ততক্ষণে খনিজ কোম্পানির একজন বন্দুক উঁচিয়ে এজাজের কাছে ছুটে এসেছে, ‘খবর্দার, যদি ঐ উটের গায়ে হাত দিয়েছিস তো এক গুলিতে তোর মাথা ফুটো করে দেব।’
যেই না একথা বলা অমনি দুটো বাঘ, একটা লেপার্ড লাফ দিয়ে তাকে ঘিরে দাঁড়াল। আর কিছু করতে হল না। কাঁপতে কাঁপতে লোকটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। তার বন্দুক তখন আরাবল্লীর ধুলোয় গড়াগড়ি খাচ্ছে।
আর ঠিক তখনই ছুটে এলো এক কালো ঘোড়ার সওয়ার। তার হাতে বর্শা। পরনে কালো চাপকান আর চুড়িদার পাজামা।
এজাজ হাত জোড় করে বলল, ‘পাবুজি, রক্ষা করো। এরা জোর করে আমাদের ফকিরাকে ধরে রেখেছে। এখন রক্তারক্তি করবে।’
পাবুজি হাতের বর্শা উঁচিয়ে চিৎকার করে উঠল, ‘ওরে বজ্জাত, তোরা তো আরাবল্লীকে তছনছ করে রাজস্থানের সর্বনাশ করছিস। এবার যদি এক পা-ও এগোস, তাহলে এই বর্শার ঘায়ে একেবারে কুরুক্ষেত্র করে ছাড়ব।
তারপরেই আকাশের দিকে চেয়ে বললেন, ‘ধোরাণী, তোল এখন বালির ঝড়।/ফিরুক সবাই এবার যে যার ঘর।’
তাই হলো।
আবার সেই বালির ঘূর্ণিঝড়। আর তার ঘূর্ণিপাকে সিংহ, বাঘ, শেয়াল, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, কৃষ্ণসার ও অন্যান্য পাখিরা সবাই উড়ে চলল আপন আপন বাসার দিকে। অবশ্যই সেই ঝড়ে এজাজও ফকিরার পিঠে বসে নিমেষে পৌঁছে গেল নিজেদের কুঁড়েতে।
বাড়ি ফিরতেই তার আম্মু শুধোয়, ‘এতক্ষণ কোথায় ছিলি সোনা? সুয্যি ঠাকুর তো কখন গেছেন অস্তাচলে।’
‘আম্মু, বালির ঝড়ে ফকিরা পথ ভুলে মরুভূমিতে হারিয়ে গেছিল। তাকেই খুঁজে নিয়ে এলাম।’
‘তাই নাকি? আমার ছেলে কত বড়ই না হয়ে গেছে।’ মা এজাজের মাথায় হাত রাখে। এজাজ ফকিরার গায়ে হাত বুলোতে বুলোতে বলল, ‘আরও অনেকে ছিল আম্মু, বাঘ, সিংহ, পাখিরা, মরুর পরী ধোরাণী, আর স্বয়ং পাবুজি মহারাজ।’
১. আরবি শব্দ : অলৌকিক ঘটনা,
২. রাজস্থানের প্রতীক বৃক্ষ,
৩. গির অরণ্য থেকে সিংহ এনে এখানেই রাজস্থানের প্রথম লায়ন সাফারি আরম্ভ করা হয়।