ছোটদের কথা
ছোটদের কথা
সংবাদটা পড়েছিলাম একটা সর্বভারতীয় দৈনিকে। তারপর থেকেই আমার ‘বোকা’ আর ‘বুদ্ধিমান’-এর ধারণা একেবারে গুলিয়ে গিয়েছে। মনে জেগেছে প্রশ্ন সত্যিকারের বোকা কে? আর বুদ্ধিমানই বা কে? বোকা-বুদ্ধিমান-এর বিচার হয়তো আপেক্ষিক।
ঘটনাস্থল মুম্বাই। বছর খানেক আগের এক শীতের দুপুর। বিশেষভাবে সক্ষম এমন শিশুদের স্পেশাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। একসময়ে শুরু হল দৌড় ইভেন্ট। স্টার্টার— ‘অন ইয়োর মার্কস সেট গো’ ঘোষণার সঙ্গে সঙ্গে বাচ্চারা দৌড় শুরু করল। কিন্তু একটু দূর এগোতেই একজন বাচ্চা নিজেরই পায়ে পা জড়িয়ে পড়ে গেল। সুস্থ-স্বাভাবিক বড়দের প্রতিযোগিতার আসরেও যেমন দুর্ঘটনা হামেশা ঘটেই থাকে। তখন বাকি প্রতিযোগীরা দৌড় চালিয়ে যায়। কিন্তু কী আশ্চর্য! এখানে ঘটল বিপরীত ঘটনা। হয়ত বোকার মতোই!! বাকি প্রতিযোগীরা যখন খেয়াল করল তাদের এক সতীর্থ-বন্ধু পড়ে গেছে তখন তারা তাদের প্রতিযোগিতার দৌড় থামিয়ে দিল। তারা উল্টো দিকে দৌড়ে গেল সেই পড়ে যাওয়া বন্ধুর কাছে। গায়ে মাথায় হাত বুলিয়ে শুশ্রূষার পর তুলে দাঁড় করাল বন্ধুকে। তারপরে আবার সকলে ফিরে গেল স্টার্টিং লাইনের কাছে। শুরু হল আবারও দৌড় প্রতিযোগিতা। এবং দেখা গেল সেই পড়ে যাওয়া বাচ্চাটিও দৌড়ে সামিল হয়েছে।
আজকের চূড়ান্ত প্রতিযোগিতার বাজারে যখন দেখছি সহমর্মী বন্ধু বলে কেউ নেই, সকলেই সকলকে হারাতে উদগ্রীব তখন মুম্বাইয়ের ঐ বিশেষ ভাবে সক্ষম বাচ্চাদের হয়ত ‘বোকা’ বলেই অনেকে সাব্যস্ত করবে। কিন্তু মনুষ্যত্বের বিচারে সত্যিই কি তাদের ‘বোকা’ বলা যায়?
সৌজন্যে : শ্রুতিলেখা, অষ্টবিংশতি বার্ষিক সংখ্যা, নভেম্বর ২০২৫