ছোটদের কথা
ছোটদের কথা
ভর দুপুরে একটা পাখি বলল যখন ডেকে,
তোমার জন্যে সবুজ মাঠে রোদ রেখেছি এঁকে।
মস্ত গাছের নীচে ছায়া, উঠছে পাতা দুলে,
দেখবে যদি বাইরে এসো দরজাটাকে খুলে।
তোমার জন্যে তিন শালিকের কিচিরমিচির সুর,
বাতাসে তা যাচ্ছে ভেসে অনেক--অনেক দূর।
ছায়ায় বসে এক সে বাউল, তার হাতে একতারা,
এখন তুমি তার পাশে যাও, বইবে সুরের ধারা।
সে সুর তখন চলবে ভেসে ছোট্ট নদীর সাথে,
কিংবা ধরো নীল আকাশে মেঘের সীমানাতে।
সে সুর তুমি শুনতে কি চাও? আমার কথা শোনো,
অনেক খুশি ছড়িয়ে আছে নেই তাতে ভুল কোনো।
বাইরে এসো, আকাশ পাবে, পাবে নদীর ছবি,
রোদ সাজানো সবুজ মাঠও, তোমার জন্য সবই।
মস্ত গাছের ছায়া আছে, রোদের ছবি আঁকা,
দুচোখ ভরা স্বপ্ন পাবে, তোমার জন্যে রাখা।