ছোটদের কথা
ছোটদের কথা
দেখতে তো চাই, ঝলমলে এক
খুশির শরৎ,
আকাশ নীলের গায়ে, সাদা
মেঘের পরত!
দেখতে তো চাই, শরৎ হাসুক
কাশের বনে,
সেই হাসিটাই যাক ছড়িয়ে
সবার মনে!
দেখতে তো চাই, দুর্গা মায়ের
চোখের মায়া
বিভেদ ভুলে দিক ছড়িয়ে
স্নেহের ছায়া।
কিন্তু দেখি চারিদিকে
বাতাস ভারী!
ফুঁসছে পাহাড়, ফুঁসছে নদী
রুষ্ট ভারি!
কোথাও আবার উঠছে কেঁপে
ধরিত্রী মা,
কত মানুষ ঘর হারা, তার
নেই যে সীমা!
যুদ্ধ বিমান, গোলাগুলি
সেও তো আছে!
লক্ষ শিশুর জীবন মুছে
তাথৈ নাচে!
এ সব ছবি মাথার মধ্যে
ঘুরতে থাকে,
বিষাদ সুরে বরণ করি
দুর্গা মাকে।
ফি বছরই তোর হাতে তো
অসুর হত!
তবু কেন জগৎ জুড়ে
অসুর এতো!
এবার পুজোয় একটা বর
মা আনবি সাথে?
দশটা হাত আর দশ রকমের
অস্ত্র তাতে!
সবাই আমরা হই যদি মা
দশভুজা!
লক্ষ অসুর বধেই হবে
সত্যি পূজা!