ছোটদের কথা
ছোটদের কথা
হাত বাড়ালেই গাছগাছালি, ডালে ডালে ফল।
গ্রামের সিথান জড়িয়ে ছিল পাখির কোলাহল॥
দামাল ছেলে দস্যি যত বুকে মায়ার টান,
চঞ্চলতায় ভরিয়ে দিত প্রতিবেশির প্রাণ।
এক রেডিও তাকে ঘিরে চারপাশে লোকজন,
জমজমাটি আড্ডা ভীষণ উদ্বেলিত মন।
কাপড় দিয়ে বানানো বল পয়সা তো নেই হাতে,
আনন্দে তাও বাইশ জনা কিশোর খেলায় মাতে।
আজকে মানুষ পয়সা আছে যা খুশি তাই কেনে,
কিন্তু খুশির উথালপাথাল পারবে দিতে এনে?
হাজার দামি খেলার জিনিস একলা পড়ে মাঠ,
আর পাবে না বাইশ জনের সম্মিলিত হাত।
দস্যি দামাল ছেলেগুলো কোথায় নিরুদ্দেশে!
তাদের মতো কেউ নেয় না খবর ঘরে এসে।
বিশাল বড় রঙিন টিভি শব্দে তোলে ঢেউ,
একলা চলে আপন মনে দেখে না আর কেউ।