ছোটদের কথা
ছোটদের কথা
ছোটদের জগৎ কল্পনার জগৎ। তাদের কল্পনার আকাশে ভূতপ্রেত দত্যিদানোর নিত্য আবির্ভাব। তাদের চোখের সামনে রূপকথার গল্প ভেসে বেড়ায়। রূপকথার লালকমল, নীলকমলের গল্প--রাজপুত্র চলেছেন বহুদূর পথে, ব্যঙ্গমা-ব্যাঙ্গমীর সঙ্গে দেখা হওয়া, রাক্ষস মারা, কত না গল্প। বাঘ, সিংহ, গণ্ডার কত জীবজন্তুর গল্প! উপেন্দ্রকিশোরের ‘বোকা বাঘের’ গল্প শুনে ছোটরা হেসে ওঠে। কিন্তু এবার আর কল্পনার আকাশে ভেসে বেড়ানো নয়। সত্যিকারের বনের বাঘকে নিয়ে এক বাঘ শিকারীর গল্প শোনাব আজ। নাম হল তার জিম করবেট। সকলের কাছে তিনি জিম করবেট নামে পরিচিত হলেও তার আসল নাম এডওয়ার্ড জেমস করবেট। তাঁর বাবার নাম ক্রিস্টোফার উইলিয়ম করবেট এবং মায়ের নাম মেরিজেন। তাঁর ছেলেবেলা কেটেছে তরাই অঞ্চলে, নৈনিতালের পাইন জঙ্গল ঘেরা পরিবেশে। ছোট থেকেই তাঁর সময় কেটেছে বড় দাদা টমের সঙ্গে। বাড়ির দুই পোষ্য কুকুরকে নিয়ে বাড়ির বাগান লাগোয়া জঙ্গলে তিনি একা ঘুরে বেড়াতেন। স্থানীয় অধিবাসীদের সঙ্গে মিশে তিনি গল্প করতে ভালবাসতেন। ছোট থেকেই তার জঙ্গলকে ভালবাসা ছিল। তার শিকারের হাতেখড়ি টমের দেওয়া গুলতি দিয়ে পাখি মারা। তারও পরে তাদের বন্দুকে হাত পাকানো। দশ বছর বয়স স্কুলের এন.সি.সি-র একটি শ্যুটিং প্রতিযোগিতায় তাঁর লক্ষ্যভেদের দক্ষতা দেখে উচ্চপদস্থ পরিদর্শকরা তার জন্য একটি বন্দুক এবং অপর্যাপ্ত বুলেটের ব্যবস্থা করে দিয়েছিলেন। সে সবের সাহায্যে তিনি একটি পূর্ণবয়স্ক লেপার্ড শিকার করেছিলেন। তাঁর প্রথম চাকরি ভারতীয় রেলে, বেতন ১০০ টাকা। জঙ্গলের প্রতি ভালবাসা এবং শিকারের নেশা তাঁর জীবনের শেষদিন পর্যন্ত বজায় ছিল। শিকারি হিসেবে তিনি এতই দক্ষ ছিলেন অন্ধকারে শব্দ লক্ষ্য করে তিনি শিকার করতে পারতেন। তাঁর হাতে নিহত হয়েছে বহু মানুষখেকো বাঘ। ব্রিটিশ প্রশাসনের অন্তর্গত মানুষদের বাঁচানোর জন্য তিনি বহুবার মানুষখেকো বাঘ শিকার করেছেন। দু-এক সময় ছাড়া বেশীর ভাগ সময়েই তিনি জঙ্গল ঘুরে বেড়াতেন। অন্য কোন শিকারির সাহায্য পছন্দ করতেন না।
জিম করবেট শুধু শিকারি রূপ প্রসিদ্ধ নন। তাঁর শিকার করার গল্প তিনি কয়েকটি বই-এর মধ্যে লিপিবদ্ধ করে গেছেন। অরণ্যবাসী মানুষ থেকে শুরু করে বড় বাঘ, চিতাবাঘ, হরিণ, সরীসৃপ সবার সঙ্গে তাঁর সম্পর্ক। তাঁর লেখার মধ্যে পাঠক খুঁজে পান এই সব কাহিনী। ‘ম্যান ইটার্স অফ্ কুমায়ন’কে কেউ কেউ মনে করেন তাঁর লেখা সেরা বই। বইটি বেরোনোর পর মাত্র দু-বছরে বিক্রি হল পাঁচ লক্ষেরও বেশী কপি। অনেকে আবার ‘লেপার্ড অফ রুo প্রয়াগ’কে তাঁর শ্রেষ্ঠ বই বলে মনে করেন। করবেট যদি ভাল লেখক না হতেন তাহলে তাঁর পরিচয় হারিয়ে যেত। একটি এলাকা থেকে যখন তিনি মানুষখেকো বাঘ অথবা চিতাবাঘকে শিকার করে এলাকার মানুষকে ভয়ের থেকে মুক্ত করতেন, তখন এলাকার মানুষ এবং প্রশাসনিক কর্তারা তাঁকে বিপুল সম্মান করতেন। কিন্তু করবেট যদি ভাল লেখক না হতেন তাহলে এত লোক তাঁকে চিনত না।
জিম করবেটের নামের সঙ্গে যুক্ত হয়েছে করবেট ন্যাশনাল পার্ক। সারা পৃথিবীর ভ্রমণ পিপাসু মানুষেরা এই পার্কের খবর রাখে। এই পার্কের উদ্দেশ্য হল বাঘ ও বন্যপ্রাণীদের রক্ষা করা।
শিকার এবং শিকার কাহিনী লেখক জিম করবেটের নাম অনেকেরই জানা আছে। অতি সম্প্রতি তার ১৫০ বছর হয়ে গেল, তাকে নিয়ে অনেকে অনেক কিছু লিখেছেন।
তিনি যেমন মস্ত বড় শিকারি ছিলেন তেমনি অরণ্য এবং আরণ্যক প্রাণীর প্রতি তার ছিল সুতীব্র ভালবাসা। এই সব প্রাণীকে নষ্ট করলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়, সুতরাং শুধু তাদের ধ্বংস করা নয়, তাদের রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। একজন গাইডের কথায়, ‘‘করবেট সাহেব আমাদের কাছে দেবতা। ওঁর জন্যেই তো আমাদের সব কিছু। বাবা-ঠাকুরদার আমলে ওঁকে ভগবান হিসেবে পুজো করা হত। এখন আমরা করি। আমাদের সন্তানেরাও ভবিষ্যতে করবে। এই ভাবেই চলতে থাকবে সব। আমাদের মধ্যে থেকে যাবেন উনি।’’
১৯৫৫ সালের এপ্রিল মাসে জিম করবেটের জীবনাবসান ঘটে।