ছোটদের কথা
ছোটদের কথা
‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’। ক্ষুধার্ত শিশুর বই ভালো লাগে না। যখন পেট খালি থাকে, তখন অক্ষরের রেখা চোখে ঝাপসা হয়ে যায়। তাই শিক্ষা আর ক্ষুধা একসঙ্গে চলতে পারে না। ভারতবর্ষে সেই সমস্যার সমাধান খুঁজে বের করেছে একটি মানবিক কর্মসূচি-মিড ডে মিল। এটি শুধু একটি খাবার দেওয়ার প্রকল্প নয়; এটি হলো সামাজিক সমতার পাটাতনও, যেখানে ধনী-দরিদ্র ও জাতি-ধর্ম-সম্প্রদায়ের প্রাচীর ভেঙে শিশুরা বসে একই স্থানে, একই গরম ভাত ভাগ করে খায়। মিড ডে মিল কর্মসূচি কতখানি কার্যকর? এগুলি জানতে গেলে আমাদের জানা দরকার বিদ্যালয়ের সামাজিক পরিবেশ এর ইতিবাচক ও সীমাবদ্ধ দিকগুলো। ১৯৯৫ সালে ভারত সরকার দেশের ক্ষুধার্ত শিশুদের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ নেয়। তখন থেকে শুরু হয় ‘‘মিড ডে মিল’’ কর্মসূচি। পশ্চিমবঙ্গে ২০০৩ সালে তা সর্বত্র ছড়িয়ে পড়ে। এই মহৎ কর্মসূচির লক্ষ্য ছিল তিনটি--ক্ষুধা দূরীকরণ, স্কুলে উপস্থিতি বাড়ানো ও ভেদাভেদ ভুলে সমবেত আহারের সংস্কৃতি তৈরি করা।
গ্রামবাংলার অনেক স্কুলে একসময় উচ্চবর্ণের বাচ্চারা নিম্নবর্ণের সহপাঠীর পাশে বসতে চাইত না। কেউ কারো হাতের জল খেত না। অথচ আজ মিড ডে মিলের সময় দেখা যায়, সবাই এক সারিতে বসে একই ভাত, একই ডাল, একই সবজি পরম তৃপ্তিতে গরম গরম আহার করছে। এ যেন ক্ষুদ্র ক্ষুদ্র থালা জুড়ে এক বিশাল ভারতের মিলনের চিত্র আঁকা হয়েছে। ছোটবেলায় এই সমানতায় বড় হওয়া শিশুর মনে একে অন্যের প্রতি ঘৃণা নয়, বরং ভালোবাসার বীজ অঙ্কুরিত করে। বিদ্যালয় জীবনে মিড ডে মিল যেন প্রতিদিনকার এক রঙিন উৎসব। এখানে হিন্দু-মুসলিম-খ্রিস্টান-শিখ সবাই একসাথে মিলে মিশে বসে খাবার খায়। কেউ কারো ধর্ম জিজ্ঞেস করে না বা কারো নাম দেখে খাবারের পরিমাণ ও গুণগতমানের পৃথকীকরণ হয় না। একই ভাতের কণা, একই লবণের স্বাদ তাদের মনে এক অদৃশ্য বন্ধনের জাল বুনে দেয়। শৈশবের এই মিষ্ট অভিজ্ঞতা বড় হয়ে তাদের মনে সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট দুর্গ তৈরি করে।
দুপুরের একই খাবার যখন গরিব কৃষক সন্তান আর ধনী ব্যবসায়ীর সন্তান একসাথে বসে খায়, তখন থালার ভাত এক অদৃশ্য সমতার প্রতীক হয়ে ওঠে। পূর্বে দরিদ্র বাচ্চারা লজ্জায় বা অভাবে টিফিন আনত না, কেউ আবার শুকনো রুটি খেত, আর কেউ আনত সামান্য কিছু খাবার। অন্যদিকে ধনীদের সন্তানদের থাকতো ভুরিভোজ টিফিন এতে শ্রেণিকক্ষে বিভাজন স্পষ্ট হত। কিন্তু মিড ডে মিল সেই অস্বস্তিকর বিভাজনের রেখা স্পষ্টতই মুছে দিয়েছে। এখন আর কেউ হীনমন্যতায় ভোগে না অথবা খালি পেটে দিন কাটায় না। বহু বিদ্যালয়ে দেখা যায়, মাঝে মাঝে শিক্ষক-শিক্ষিকারা ছাত্রছাত্রীদের মধ্যে এই মধ্যাহ্নকালীন ভোজন পরিবেশন করে দেন। অথবা একই সাথে কেউ কেউ তাদের সাথে একই খাবার মাঝেমধ্যে গ্রহণ করেন, এই ছোট্ট কাজের মধ্যেই তৈরি হয় এক স্নেহমাখা পরিবেশ, যেখানে শিক্ষক, শিক্ষিকা আর ছাত্রছাত্রীরা কেবল জ্ঞানের নয়, জীবনেরও সঙ্গী হয়ে ওঠেন।
তবে সব জায়গায় এই চিত্রটা এক নয়। কোথাও কোথাও এখনও জাতি বা ধর্ম নিয়ে দ্বন্দ্ব দেখা যায়। রান্নার কাজে কোন জাতির মহিলারা আছেন তা নিয়ে অভিভাবকেরা আপত্তি তোলেন। অতি সম্প্রতি পশ্চিমবঙ্গের এক বিদ্যালয়ে হিন্দু এবং মুসলিম ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা আলাদা রান্নার ব্যবস্থা ছিল, যদিও পরে প্রশাসনের সহৃদয়তায় ও মানুষদের সাথে আলোচনার সাপেক্ষে তা বর্তমানে বন্ধ হয়েছে। আবার কখনো খাবারের মান অনিচ্ছাকৃত খারাপ হলে বাচ্চাদের খাবার আগ্রহ কমে যায়। এই ধরনের ছোট বড় সমস্যা সমাধান না হলে সম্প্রীতির স্বপ্ন কিছুটা অধরা থেকে যাবে।
২০১৮ সালে পশ্চিমবঙ্গের বীরভূমে এক সমীক্ষায় দেখা যায়--৭৫ শতাংশ শিক্ষক মনে করেন মিড ডে মিলের ফলে জাতপাতের ভেদাভেদ কমেছে। প্রায় ৮০ শতাংশ ছাত্রছাত্রী জানিয়েছে, তারা এখন আর সহপাঠীর ধর্ম বা জাত নিয়ে ভাবে না। তামিলনাড়ু ও কেরালার গবেষণাতেও একই ফল পাওয়া গেছে। বিভিন্ন মানুষের মতামত, তথ্য প্রমাণ থেকে জানা যাচেছ যে দেশের বিভিন্ন প্রান্তে মিড ডে মিল সামাজিক সমতার এক নতুন ভিত্তিপ্রস্তর গড়ে তুলছে।
সব দিক বিচার করলে বলা যায় মিড ডে মিল শুধু ক্ষুধা নিবারণের এক মহান কর্মসূচি নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির শ্রেষ্ঠ পাঠশালাও। এখানে প্রতিটি ভাতের দানা, প্রতিটি ভাগাভাগির মুহূর্ত সমাজকে সমানতার শিক্ষা দিচেছ। তবে এই প্রকল্পকে আরও সফল করতে হলে কুসংস্কার দূর করতে হবে, খাদ্যের মানোন্নয়ন করতে হবে ও মানুষের মানসিকতা আরও মানবিক করতে হবে। তাই বলা যায় মিড য়ে মিলের থালায় শুধু ভাত-ডাল-সবজি নয় বরং সেখানে পরিবেশন করা হয় সম্প্রীতির স্বাদ, সমতার স্বপ্ন ও এক অখণ্ড ভারতের বুনিয়াদ।
এ . আই দিয়ে তৈরি ছবি