ছোটদের কথা
ছোটদের কথা
শিউলি গাছটার নিচে দাঁড়িয়ে মেঘলা একদিন খুব মন দিয়ে মায়ের পায়ের দিকে তাকিয়ে ছিল। মায়ের পায়ে কালো হিলের জুতো। মেঘলার চোখে সেই জুতো যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। মা যখন শাড়ি পরে আয়নার সামনে দাঁড়াতেন, মেঘলা চুপ করে পাশে দাঁড়িয়ে থাকত। মায়ের কাঁচের চুড়িগুলো টুংটাং শব্দ করত, আঁচলটা কাঁধ থেকে নেমে আসত, কপালে ছোট্ট টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক।
মেঘলার মনে হতো—বড় হওয়া বুঝি এমনই সুন্দর! মায়ের আলমারি খুললেই সে একটা শাড়ি বের করে গায়ে জড়ানোর চেষ্টা করত। শাড়ি তার পায়ের কাছে এসে জড়িয়ে যেত। কখনও মায়ের চুড়ি হাতে পরে ফেলত, কখনও জুতোর মধ্যে নিজের ছোট্ট পা ঢোকানোর চেষ্টা করত। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বলত,—‘‘দেখো, আমি বড় হয়ে গেছি!’’ পাশ থেকে দাদা হেসে বলত, —‘‘তুই বড় হবি? আগে ঠিক করে হাঁটতে শেখ!’’ দাদা নিজেও কম যেত না। বাবার পুরোনো জামাটা গায়ে চাপিয়ে, চুলটা হাত দিয়ে পিছনে আঁচড়ে, মুখটা গম্ভীর করে বসে থাকত। বাবার মতো করে গলা ভারী করার চেষ্টা করত।
—‘‘এই যে, সবাই চুপ! এত কথা বলিস না।’’ তারপর একটা পেন্সিল ঠোঁটের কোণে ধরে জানলার কাছে দাঁড়িয়ে ধোঁয়া ছাড়ার ভান করত। মেঘলা অবাক হয়ে জিজ্ঞেস করত,—‘‘তুই কী করছিস?’’ দাদা গম্ভীর মুখে বলত,—‘‘আমি বড় হয়েছি। বড়রা এসব করে!’’
মেঘলা তখন আরও তাড়াতাড়ি বড় হতে চাইত। বড় হলে মায়ের মতো শাড়ি পরবে। বাবার মতো গম্ভীর হবে। দাদার মতো ভারী গলায় কথা বলবে। নিজের একটা ঘর হবে। নিজের একটা আলমারি হবে। কেউ তাকে আর ‘‘ছোট’’ বলে ডাকবে না। ছোট থাকা যেন তখন তার কাছে একটা অসম্পূর্ণতা।
বছরগুলো সত্যিই কেটে গেল। মেঘলা বড় হলো। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। মায়ের সেই জুতোর শব্দ আর আগের মতো সুন্দর লাগল না। এখন সে জানে, ওই জুতো পরে মা কতটা পথ হেঁটেছেন। কতবার পায়ে ব্যথা হলেও হাসিমুখে বাড়ি ফিরেছেন। কতদিন নিজের জন্য কিছু না কিনে সন্তানের জন্য কিনেছেন। মায়ের সেই চুড়ির শব্দও এখন অন্যরকম শোনায়। টুংটাং শব্দের ভিতর যেন লুকিয়ে আছে রান্নাঘরের গরম, সংসারের হিসেব, অসুস্থ মানুষের জন্য রাতজাগা, আর নিজের ইচ্ছেগুলোকে একের পর এক সরিয়ে রাখার গল্প। মেঘলা একদিন মায়ের আলমারি খুলে সেই পুরোনো শাড়িটা বের করল। শাড়িটা গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়াল। হঠাৎ তার নিজেরই হাসি পেল। ছোটবেলায় যে শাড়িটা তাকে বড় হওয়ার স্বপ্ন দেখাত, আজ সেই শাড়িটা যেন তাকে বড় হওয়ার ক্লান্তির গল্প বলছে।
একদিন পাড়ার এক ছোট্ট মেয়ে মেঘলার কাছে এসে বলল,—‘‘দিদি, আমি কবে বড় হব?’’ মেঘলা চমকে তাকাল। প্রশ্নটা যেন বহু বছর আগে নিজের কাছেই করা একটি প্রশ্নের মতো ফিরে এল। সে মেয়েটার হাত ধরল।
—‘‘কেন বড় হতে চাস?’’ মেয়েটা খুব স্বাভাবিক ভাবে বলল,—‘‘বড় হলে আমি যা খুশি করতে পারব।’’ মেঘলা একটু হাসল। তারপর বলল,
—‘‘তুই এখন কী কী করতে পারিস জানিস?’’ মেয়েটা মাথা নাড়ল।
—‘‘না।’’
—‘‘তুই প্রাণ খুলে হাসতে পারিস। কেউ হাসলে তার সঙ্গে হাসতে পারিস। কাউকে না চিনেও তার সঙ্গে বন্ধুত্ব করতে পারিস। তুই হাজারটা প্রশ্ন করতে পারিস। বৃষ্টিতে ভিজতে ইচেছ করলে ভিজতে পারিস। ফুল দেখলে থেমে যেতে পারিস। পিঁপড়ে কোথায় যাচ্ছে সেটাও কৌতূহল নিয়ে দেখতে পারিস।’’
মেয়েটা হেসে বলল,—‘‘এগুলো তো বড়রাও পারে!’’ মেঘলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব ধীরে বলল,—‘‘পারে। কিন্তু সবসময় পারে না।’’
‘‘কেন?’’ ‘‘কারণ বড় হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের কাঁধে অনেক কিছু উঠে আসে।’’
‘‘কী?’’
মেঘলা আকাশের দিকে তাকাল।
—‘‘পরিবারের দায়িত্ব। সমাজের দায়িত্ব। অন্য মানুষের প্রত্যাশা। কখনও নিজের ভুলের দায়িত্ব। কখনও নিজের স্বপ্নেরও।’’
মেয়েটা কিছু বুঝল, কিছু বুঝল না। শুধু বলল, —‘‘তাহলে বড় হওয়া ভালো নয়?’’
মেঘলা হেসে তার মাথায় হাত রাখল।
—‘‘কে বলল ভালো নয়? বড় হওয়া খুব সু¨র। শুধু বড় হওয়ার জন্য ছোটবেলাটাকে তাড়াতাড়ি শেষ করে ফেলিস না।’’
সেদিন বিকেলে মেঘলা ছাদে উঠেছিল। শরতের আকাশ নীল। তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে। দূরে কোথাও কাশফুল দুলছে। বাতাসে পুজোর গন্ধ। তার মনে হলো, জীবনও বুঝি এই আকাশের মতো। ছোটবেলায় আমরা আকাশকে শুধু নীল দেখি। বড় হলে বুঝি—তার ভিতরে কত গভীরতা! মেঘলা ভাবল, শিশুরা বড় হতে চায় কারণ তারা বড়দের বাইরের দিকটা দেখে। মায়ের শাড়ি দেখে, বাবার ঘড়ি দেখে। বড় ভাইয়ের গম্ভীর গলা দেখে। অফিসে যাওয়ার ব্যাগ দেখে। নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেখে। কিন্তু তারা দেখে না—
রাতে ঘুম না আসার চিন্তা। দায়িত্বের ভার। কখনও নিজের ইচ্ছেকে চুপ করিয়ে দেওয়া। কখনও হাসতে ইচ্ছে না করলেও হাসা। কখনও নিজের কষ্টটুকু লুকিয়ে অন্যকে সাহস দেওয়া। বড়রা তাই অনেক সময় চাইলেও শিশুদের মতো প্রাণ খুলে হাসতে পারে না। তবু বড় হওয়া থেমে থাকে না। সময় কাউকে জিজ্ঞেস করে না— ‘‘তুমি প্রস্তুত তো?’’ সে শুধু চলে যায়। পরদিন মেঘলা সেই ছোট্ট মেয়েটাকে একটা শিউলি ফুল দিল।
বলল,—‘‘এটা রাখ।’’
মেয়েটা ফুলটা হাতে নিয়ে জিজ্ঞেস করল,
—‘‘এর মানে কী?’’
মেঘলা বলল,
—‘‘এর মানে, তুই এখন যেমন আছিস, তেমনই সু¨র।’’
—‘‘বড় হলে?’’
—‘‘বড় হলেও সুন্দর থাকবি। শুধু নিজের ভিতরের এই সরল মানুষটাকে যেন হারিয়ে না ফেলিস।’’
‘‘কীভাবে?’’
মেঘলা আকাশের দিকে তাকিয়ে বলল,
—‘‘আকাশের মতো বড় হবি, কিন্তু আকাশের মতো গভীরও হবি। সহজ থাকবি, সরল থাকবি। পৃথিবীকে খুব তাড়াতাড়ি বুঝে ফেলতে যাস না।’’ মেয়েটা চুপ করে শুনছিল।
মেঘলা বলল,
—‘‘সাত ঋতু, বারো মাসের মতো জীবনের প্রতিটা সময়কে অনুভব করবি। বসন্ত এলে বসন্তের আনন্দ নিবি, বর্ষা এলে বৃষ্টির শব্দ শুনবি, শরৎ এলে কাশফুল দেখবি, শীত এলে রোদ পোহাবি। প্রতিটা সময়ের নিজের একটা সৌ¨র্য আছে।’’
—‘‘আর বড় হওয়া?’’
—‘‘বড় হওয়াটা সময়ের ওপর ছেড়ে দে।’’ ‘‘তাড়াহুড়ো করব না?’’
—‘‘একদম না।’’ মেঘলা তার হাতটা শক্ত করে ধরল।
—‘‘এখন শুধু শিখে যা। পড়াশোনা কর, প্রশ্ন কর, ভুল কর, আবার শেখ। যে কাজ করবি, মন দিয়ে করবি। নিজের ভিতরটা শক্ত কর। সাধনা কর—যে কাজই হোক।’’ মেয়েটা হেসে বলল,
‘‘আর মায়ের শাড়ি পরব?’’
মেঘলাও হেসে ফেলল।
—‘‘অবশ্যই পরবি।’’
‘‘জুতো?’’
—‘‘সেটাও।’’
‘‘চুড়ি?’’
—‘‘সেটাও।’’
‘‘তাহলে?’’
মেঘলা বলল,
—‘‘খেলা করে পরিস। বড় হয়ে যাওয়ার জন্য নয়।’’
মেয়েটা হেসে দৌড়ে চলে গেল। মেঘলা দাঁড়িয়ে রইল। শরতের বাতাস তার চুল উড়িয়ে দিল। দূরে কোথাও শিউলি ঝরছে। আর তার মনে হলো—জীবন আসলে বড় হওয়ার প্রতিযোগিতা নয়। জীবন হলো সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে সুন্দর করে তোলার সাধনা। শিশুরা বড় হবে—এটাই স্বাভাবিক। কিন্তু তার আগে তারা শিশু থাকুক। তারা ফুলের মতো হাসুক। প্রশ্ন করুক। ভুল করুক। আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখুক। বৃষ্টিতে ভিজুক। শিউলি কুড়োক। অকারণে হেসে উঠুক। কারণ একদিন তারা বড় হবে। একদিন তাদের হাতেও থাকবে দায়িত্বের ভার। একদিন তারাও বুঝবে—বড় হওয়া মানে শুধু মায়ের শাড়ি পরা নয়, বাবার মতো গম্ভীর গলায় কথা বলা নয়। বড় হওয়া মানে নিজের আনন্দের সঙ্গে অন্যের দুঃখকেও জায়গা দেওয়া। নিজের স্বপ্নের সঙ্গে দায়িত্বকে মিলিয়ে নেওয়া। আর সবচেয়ে বড় কথা—বড় হয়ে গিয়েও নিজের ভিতরের সেই ছোট্ট, সরল, কৌতূহলী মানুষটাকে বাঁচিয়ে রাখা। তাই, ছোট্ট মানুষ, তাড়াহুড়ো কোরো না। সময়কে তার নিজের মতো করে আসতে দাও। সময়ের সঙ্গে চলো। আজ শুধু শেখো। দৃঢ় হও। সাধনা করো। আর প্রাণ খুলে ভাসো। কারণ— বড় হওয়া একদিন হবেই। কিন্তু ছোটবেলাটা আর কোনোদিন ফিরে আসবে না।