ছোটদের কথা
ছোটদের কথা
হঠাৎ করে ছুটি পেলে
মন খুশিতে নাচে,
জমাট বাধা রুটিন থেকে
হাঁফ ছেড়ে প্রাণ বাঁচে।
ইচ্ছে করে বই খাতা সব
তাকে তুলে রেখে,
সবুজ মাঠে খেলে বেড়াই
শরীরে রোদ মেখে!
কিংবা ভাবি পুকুর পাড়ে
খোলামকুচি ছুঁড়ি,
অথবা ছাদ দাপিয়ে বেশ
প্যাঁচে লাগাই ঘুড়ি।
হঠাৎ ছুটি সুযোগ আনে
খেলনা বাড়ির খেলা
পুতুলের বে দিতে গিয়ে
মনে খুশির মেলা।
হঠাৎ ছুটি লাগে রে ভাই
ঠিক লটারির মত,
পেয়ে গেলে বলব কী রে
খুশিটা ঠিক কত!