ছোটদের কথা
ছোটদের কথা
এবার আর কোনো সুযোগ দিলেন না রামানন্দ সামন্ত। চিরনিদ্রায় চলে গেলেন। মা ও ঠাম্মির কান্নার গলা পেয়ে পড়ার ঘর থেকে ছুটে এলো নাতনি অনিতা। মৃত দাদুর শরীর আঁকড়ে সেও কান্না জুড়ে দিল। দাদুর সেবা শুশ্রূষায় মা’ই সর্বক্ষণ ব্যস্ত থাকছিল। পূর্ণ সহযোগিতা করেছে বাবাও। ঠাম্মিরও তো যথেষ্ট বয়েস হয়েছে। তাই মা ও বাবাকেই সব সামলাতে হয়েছে। দাদুর সঙ্গে এই নাতনিও খুব মায়া ও মমতায় মিশে ছিল। তুলনামূলক সাহিত্য নিয়ে গবেষণা পেপার তৈরির ফাঁকে ফাঁকে নব্বইয়ের চৌকাঠ পেরোনো এই বৃদ্ধকে নিয়ে বাড়ির বাইরে একটু আধটু হাঁটাহাঁটি করাত সে। সময় সুযোগে গল্প করত দাদুর সঙ্গে। গাঁয়ের এবড়ো খেবড়ো রাস্তা থেকে ঝোপ জঙ্গলের ভূগোল, এপাড়া ওপাড়ার মারদাঙ্গা, মামলামোকদ্দমার ইতিবৃত্ত হয়ে হাল আমলের গাঁয়ের সামাজিক ও রাজনৈতিক ঘটনায় আমূল পরিবর্তনের টুকরো থেকে বড়ো বড়ো কাহিনি শুনত ওই দাদুর মুখ থেকে। অত্যন্ত চৌখস মানুষ ছিলেন এই দাদু। আর নাতনি ছিল অন্ধের জষ্ঠির মতো। ডাক্তারবাবু যেমনটি বলেছিলেন, ‘‘বয়স্কদের সঙ্গ দিলে সুস্থ থাকা সহজ হয়।’’ তাই বিয়োগ ব্যথার বেদনায় নাতনিও মুহ্যমান।
পড়শীরা এক দুজন করে এসে জড়ো হচ্ছেন। মাঠে ধান রোপনের কাজে ব্যস্ত থাকা ছোট ছেলের কানে খবরটা পৌঁছানো মাত্র, চোখে জল নিয়ে এসে মৃত বাবার পাশে বসে তৎক্ষণাৎ। শোকাহত মাকে ধরে সান্ত্বনা দেয়। এসে উপস্থিত হয় তার বন্ধু স্বজনরা। দরদী হাতের ছোঁয়ায় ধাতস্থ হয় ছোট ছেলে অয়ণাংশু।
বলতে গেলে এই অয়ণাংশুই রামানন্দ সামন্তের একমাত্র সন্তান। অন্যান্য তিন সন্তানের বড় দেবাংশু চাকরি পেয়ে স্থায়ীভাবে দিল্লির বাসিন্দা। মেজ শীতাংশু দেশের বাইরে। সেজ অরুণাংশু হায়দ্রাবাদে। বড়োর দেখাদেখি সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে পাকাপাকিভাবে রয়ে গেছেন। কন্যা সন্তান নেই সামন্ত বাবুর। এই তিন পুত্রই বাবা মায়ের দায় দায়িত্ব পালন দূরে থাক, নিয়মিত খোঁজখবর পর্যন্ত নেয়নি। হাত তুলে দিয়ে নিশ্চিন্তে যে যার মতো করে পৃথকভাবে বসবাস করছে! বৃদ্ধ ওই তিন সন্তানের আচার আচরণ দেখে স্ত্রীর সঙ্গে আলোচনা করে জোতশ্রীরাম মৌজার সব সম্পত্তি ছোট পুত্র অয়ণাংশুর নামে করে দিতে চেয়েছিলেন। এমনকি বসত বাড়ি ও ভিটে পর্যন্ত। বাদ সেধেছিল অয়ণাংশুই। সন্তানের কর্তব্যে অবিচল কিন্তু বাড়তি কোনকিছুর বিনিময়ে নয়। চার ভাগের একভাগ তার প্রাপ্য। এর এক ছটাক বেশি নেয়নি সে। বড় দাদারা যখন নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত থেকেছে, পরে পরে মনযোগী হয়েছে ছেলেমেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দিকে, বাবাকে চাষাবাদে সাহায্য করতে গিয়ে অয়ণাংশুর প্রথাগত লেখাপড়া গ্র্যাজুয়েটের বেশি এগোয়নি। আধুনিক পদ্ধতিতে কৃষিকাজেই নিজেকে নিয়োজিত করে নেয় ধাপে ধাপে। মেধার দিক থেকে সেও কমতি ছিল না কোনো অংশে।
ছোট ভাইয়ের সরলতা অমায়িকতার সুযোগ নিয়ে ওর উপরই নিজেদের জমির চাষের দায়িত্ব দিয়ে লভ্যাংশের টাকা নিয়েছেন বড়ো দাদারা। এবং নিয়মিত জমির দাম উর্ধ্বমুখী হলে সঙ্গে সঙ্গে এক এক করে তিনজনই তাদের ভাগের সব জমিজমা বিক্রি করে দেয়। এরপর থেকেই গাঁয়ের সঙ্গে বাবা মায়ের সঙ্গে সম্পর্কের তার কেটে গেল ওই তিন সন্তানের চিরতরে। রামান¨ সামন্ত কর্তা গিন্নী যেন পাকাপাকিভাবে হয়ে উঠলেন শুধুমাত্র অয়ণাংশুর পিতা মাতা। অন্তত দায়-দায়িত্বের কষ্টিপাথরে। বাবা-মায়ের নিরুচ্চার বেদনা অয়ণাংশুকে ভীষণ ভাবে স্পর্শ করে তখন। বর্তমান অয়ণাংশুর হৃদয়ে ক্রমশ অতীত হতে চলা পিতা-মাতার প্রতি কর্তব্য পালনের প্রতিজ্ঞাটা পাকাপোক্তভাবে চেপে বসে সেই থেকে।
প্রথম স্ট্রোকের সময় তিন দাদাকে জানানো হয়। যথেষ্ট বয়স। বলা যায় না। শেষ দেখার একটা ব্যাপার আছে। সে আবার সবার ছোট! যথারীতি খবর পৌঁছে দেয়া হয় যথাসময়ে। একদিন দুদিন করে তিনদিনের মধ্যে সকলেই সপরিবারে এসে পৌঁছায়। রাস্তাতেই জেনে নিচ্ছেন, ‘‘তাদের জন্মদাতা বাপ টিকবে কিনা!’’ হাবভাব যেন মৃত্যু হলেই কদিন থেকে একেবারে ল্যাটা চুকিয়ে যে যার জায়গায় চলে যাবে।
ওরা সবাই এখন অয়ণাংশুর অতিথি। স্ত্রীও অয়ণাংশুর গুণ পেয়েছে। শ্বশুরমশাইয়ের সেবা শুশ্রূষার পাশাপাশি ভাশুর, জা, ভাশুরদের বড়ো বড়ো ছেলে মেয়েদের যথাযথ আপ্যায়নের জন্য রান্নাবান্না সামলাচেছ। এমনিতে ওরা গাঁয়ের মাটিতে পা রাখেনা। সবদিক বিবেচনা করে তেমনি আয়োজন করা জরুরি। কোনো ত্রুটি রাখা যাবে না তাই! ঠিক ঠিক তরিতরকারি না হলে ফিরে গিয়ে হয়তো নিন্দা করতে পারে কাকিমার!
বৌ হয়ে এসে কিছুদিন পর, সামন্ত পরিবারে বড়দের দেখাদেখি এই ছোট বৌও বারেবারে উত্তপ্ত করেছে অয়ণাংশুকে। শুধুমাত্র নিজের পরিবার নিয়ে ঝামেলা ঝঞ্ঝাটহীন পরিবেশে থাকার ঝোঁক তার মধ্যেও সংক্রামিত হয়েছিল। এই নিয়ে কথা কাটাকাটিতে এক একটি রাত বিনিদ্র কেটেছে দুজনের! শেষে কর্তব্যপরায়ণ ও মানবিক গুণে গুণাণ্বিত সম্পূর্ণ মানুষ অয়ণাংশুর সংস্কৃতিতে নিজেকে মানিয়ে নেয় ধীরে ধীরে। শেষে হার মেনে নিয়ে স্ত্রী বলেছিল, ‘‘সার্থক নাম রেখেছেন তোমার, অয়ণাংশু! সূর্যরশ্মি! ওই রশ্মির ছটাতেই আমাকেও রাঙিয়ে ছাড়লে শেষপর্যন্ত?’’ মিষ্টি চাহনিতে স্ত্রীর দিকে চেয়ে বিজয়ের তৃপ্তি অনুভব করে মৃদু হেসেছিল অয়ণাংশু তখন। সেদিনের পর থেকে প্রতি মুহূর্তে প্রকৃত জীবনসঙ্গিনীর সহযোগিতা পেয়েছে অয়ণাংশু। মায়ের দেখাদেখি মেয়েও। দাদু-ঠাকুমনিকে শুধুমাত্র তারই মনে হয়!
সহযোগিতা দূরে থাক, বিছানায় জীবন্মৃত হয়ে শুয়ে থাকা পিতার ধারে কাছেও গেল কোন পুত্র, বা পুত্রবধূদের কেউ! অথবা তাদের পূর্ণ বয়সে পৌঁছানো পেশাগতভাবে প্রতিষ্ঠিত পুত্র কন্যাদের একজনও! নতুন জায়গায় ভ্রমণের আনন্দ সেলিব্রেট করছে যেন ওরা!
এদিকে অনবরত বিছানাতেই মল মূত্র ত্যাগ করছেন বৃদ্ধ। তা ঘনঘন বদলানো, ধরে বসানো-শোয়ানো নিয়ে হিমশিম খাচ্ছে এই দুটিতে। অয়ণাংশুর জানা ছিল না, কেউ বলবে, ‘‘বড্ড দুর্গন্ধ টেকা যাচ্ছে না। রাত জাগলে শরীর খারাপ হবে, গ্যাস অম্বলে!’’
অগত্যা অয়ণাংশুরা স্বামী স্ত্রীতেই উলটিপালটি করে সামাল দিচ্ছে যাবতীয় ধকল। অতি সূক্ষ্ম তার ধরে জীবন নদী পেরুতে থাকেন নব্বই ছুঁয়ে থাকা রামান¨বাবু। তার কেঁপে উঠলেই অতল গহ্বরে তলিয়ে যাবেন। এই বুঝি!
ডাক্তার সৈফুদ্দিন অয়ণাংশুর ছোটবেলার বন্ধু। সে পরিবারের একজন হয়ে, অক্লান্ত চেষ্টায় রাত জেগে পরপারের মহাসড়ক ধরে গন্তব্যে পৌঁছতে চাওয়া যাত্রীকে তার মেডিকেল শিক্ষা দিয়ে, আটকিয়ে রাখার আন্তরিক চেষ্টা চালাচ্ছে। এটা আবার মোটেও পছন্দ নয় বৃদ্ধর অতিথি পুত্রদের। তাদের তরফে ইঙ্গিতে বলা হচ্ছে, ‘‘সেঞ্চুরি করলে তো তাদের পিতার কপালে কোনো প্রাইজ জুটবে না! বয়স হয়েছে, এবার গেলেই হয়। একেবারে অশৌচ, পারলৌকিক সব ক্রিয়া-কর্ম করে নিজের নিজের কর্মক্ষত্রে ফিরে যাওয়া যায়!’’ রাগে ধিক্কার জানানোর ভাষা বেরিয়ে যায় প্রায় অয়ণাংশুর। নিজেকে কোনক্রমে সামলে নিয়ে মনে মনে ভাবে, ‘‘দায়িত্ব কর্তব্যে অবিচল থাকা একজন সম্পূর্ণ মানবিক মানুষের এমন কুলাঙ্গার, স্বার্থপর ছেলে হয়!’’
ডাক্তারের মুন্সিয়ানায় এযাত্রা টিকে গেলো রামান¨ সামন্ত। অয়ণাংশুরা স্বামী, স্ত্রী, কন্যা ও বৃদ্ধা মা চারজনের চোখে মুখে খুশির ঝিলিক। অন্ধকারের কালো মেঘে ঢেকে গেলো, দাদাদের তিন পরিবার। বড়দা প্রায় কৈফিয়তের ভঙ্গিতে বলল, ‘‘এভাবে আমাদের খবর দিয়ে ডেকে আনার কোনো অর্থ হয় না। বুড়ো হয়েছে, চলে তো যাবেই। মাঝে মাঝে শরীর অসুস্থ হবে স্বাভাবিক নিয়মে। কতবার এভাবে নিজেদের চাকরি, ব্যবসার ক্ষতি করে ছুটে আসব বিদেশ বিভুঁই থেকে?’’ অন্য দাদাও সমস্বরে সায় দিল। ওরা ফিরে গেল যে যার মতো। একটা টাকা বা একটা ট্যাবলেট পর্যন্ত কিনে দেয়নি কেউ। ওদের এমন আচরণে রামান¨ সামন্তের বিন্দুমাত্র বেদনা অনুভূত হয়নি। অয়ণাংশুর মা নীরবে শুধু ভাবছিলেন, ‘‘তাঁর গর্ভে ধারণ থেকে লালন পালন করা সন্তানরা এমন ‘রত্ন’ হলো শেষে!’’ তীব্র মনোবেদনায় জড়োসড়ো হয়ে গেলেন তিনি।
ওদের চলে যাবার মাসখানেক পর আবার দ্বিতীয় স্ট্রোক। এবার আর কোনো দাদাদের খবর দেয়া হয়নি। কাছাকাছি থাকা বন্ধু ডাক্তার ওই সৈফুদ্দিনের চিকিৎসার কেরামতিতে দ্রুতই সেরে উঠলেন সামন্তবাবু সে যাত্রা।তিন নম্বর স্ট্রোকে সব শেষ। ডাক্তার এসে কেবল ঘোষণা করলেন মাত্র। দ্রুততার সঙ্গে সব দাদাদের খবর দেয়া হয়। দুপুরের মধ্যেই বড়দা ও সেজদা সপরিবারে এসে হাজির। এই দুই বৌয়ের শ্বশুরের প্রতি শোক জ্ঞাপনের অতিরঞ্জিত ভঙ্গি দেখে প্রতিবেশীরা আড়ালে মুখ টিপে হাসাহাসি শুরু করেছে। একজনকে বলতে শোনা গেল, ‘‘দেবতার মতো মানুষটা যখন জীবিত ছিল, বিছানায় এতদিন পড়ে রইলেন, তখন তার ত্রিসীমানায় পর্যন্ত মাড়ায়নি কেউ। এখন নাটক হচ্ছে!’’ বিরক্তি ও রাগে গজরাতে লাগলো অয়ণাংশু স্বামী স্ত্রীদের প্রতি সহমর্মী লোকজনেরা।
বড় ছেলে মৃতদেহ দেখেই বিস্ময় প্রকাশ করে বলল, ‘‘বাবার চোখ দুটো এমন কেন?’’
অয়ণাংশু বলল, ‘‘জেলা মেডিকেল কলেজ হাসপাতালের আই ব্যাঙ্কের তরফে সেই সকালবেলাতেই চোখ থেকে কর্ণিয়া সংগ্রহ করে নিয়ে গেছে। মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই ওটা করে ফেলতে হয় কিনা?’’
‘‘এভাবে শরীর খাবলে কখনো চোখ তুলে নেয়? অঙ্গহানি হয়ে গেল না দেহটার?’’
‘‘ওটা প্রাণহীন দেহ মাত্র! অথচ বাবার ওই অমূল্য চোখ দুটো, দুজন অন্ধ মানুষকে পৃথিবীর আলো দেখতে সাহায্য করবে।’’
‘‘তাই বলে, চোখ বিহীন অবস্থায় আমাদের বাবা স্বর্গে যাবে?’’
বড়দার মতামতকে সমর্থন করে সেজদা।
অয়ণাংশু অনুমান করছে, দাদারা কেউ তার সঙ্গে সহমত হতে মানসিকভাবে তৈরি নয়। শক্ত হাতে দাদাদের মোকাবেলা করতে হবে। শোক কাটিয়ে অত্যন্ত মার্জিতভাবে বলল, ‘‘স্বর্গ বা নরক প্রাপ্তি মানুষের কাজের উপর নির্ভর করে। পূজা পর্ব, মন্ত্রোচ্চারণ বা তপস্যা করেও স্বর্গলাভ হয় না।’’
ভাইয়ের এমন অন্য ধারার যুক্তির প্রত্যুত্তরে সেজদা কিছু বলতে যাচ্ছিল। সে একজন সফল ডাক্তার। রোগীদের কাছে কত নাম তার। তাকে কিনা চাষ নিয়ে নাড়াচাড়া করা সাধারণ বি.এ পাশ ছোট ভাইয়ের থেকে জ্ঞান শুনতে হবে। বেশ আত্মমর্যাদায় লাগছিল তাঁর। কড়া কড়া কিছু বলতেও যাচ্ছিলেন। এরই মধ্যে পাশাপাশি গাঁ থেকে অয়ণাংশুর একজন বন্ধু, পাড়ায় সমাজসেবামূলক কাজে যুক্ত কয়েকজন শববাহী গাড়ী এনে উপস্থিত হলো। সেজদা জানতে চাইলেন, ‘‘কোথায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।’’ অয়ণাংশুর উত্তর দেবার পূর্বেই বড়দা বললেন, ‘‘আমি ত্রিবেণীতে নিয়ে যাবার কথা ভাবছি। পুরোহিত মশাইকে এখানে আসার সময় বলে এসেছি।’’ অয়ণাংশু সটান স্পষ্ট করে বলল, ‘‘দেহ পোড়ানো হবেনা বাবার। মরণোত্তর দেহদানে অঙ্গীকার পত্রে স্বাক্ষর করা আছে। আমরা দেহ নিয়ে জেলার মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানাটমি বিভাগে দান করতে নিয়ে যাচিছ। তোমরাও চলো আমাদের সঙ্গে।’’ ‘‘এসব আমাদের আগে জানাসনি তো? এত বড় একটা সিদ্ধান্ত একাই নিয়ে ফেললি? পরামর্শ বা মতামত নেবার প্রয়োজন বোধ করলি না?’’
বড়দা বেশ উত্তেজিত এবং অপমানিত বোধ করছেন, তা বেশ স্পষ্ট।
‘‘শোনো বড়দা, একটা দেহ পুড়িয়ে ফেলা অপেক্ষা চিকিৎসাশাস্ত্রে প্রভূত কাজে লাগাটা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বাবা জীবিত অবস্থাতেও মানুষের কল্যাণে তার সাধ্যমত ভূমিকা পালন করেছেন। মৃত্যুর পরও সেই ধারা অব্যাহত থাকবে। এটাই আমাদের বড়ো গর্বের বিষয়।’’ ছোটভাইকে বরাবর আণ্ডার এস্টিমেট করে এসেছেন বড়দাদারা। সকলের ছোট, শিক্ষা দীক্ষা কম। তার উপর চাষাবাদ নিয়ে যার সময় কাটে, তার কোনো কথায় কর্ণপাত করতে রাজি নন তাঁরা। সকলের উদ্দেশ্যে বড়দা বলেন, ‘‘ত্রিবেণীতেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। অস্থি গঙ্গায় ভাসিয়ে দেয়া হবে।’’
উপস্থিত লোকজনেরা পড়েছেন বেশ দোটানায়। ইনি প্রতিষ্ঠিত এবং সকলের বড়ো ছেলে রামান¨ সামন্ত। কার কথাকে অধিক গুরুত্ব দেবেন তাঁরা। এরমধ্যেই হাজির হলেন, রক্ষণশীলতার জ্বলন্ত চরিত্র নিবারণ অধিকারী। তিনি এসব পরিস্থিতিতে না ডাকলেও অনাহুত হয়ে তাঁর মতামত চাপিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন সুযোগ বুঝে। স্বভাবতই বড়ো ছেলের পক্ষ নিয়ে পরিবেশকে ঘোরালো করে তুলতে বললেন, ‘‘মানুষের শরীর কাটা ছেঁড়া করা ম্লেচ্ছ ছাড়া কিছু নয়।’’
‘‘অধিকারী কাকা যথার্থ বলেছেন।’’ মনের মধ্যে কথা বলার মনে জোর পেল অয়ণাংশুর সেজদা। বললেন, আমরা ঠিক করছি, পুরোহিতদের সঙ্গে পরামর্শ করে সবচেয়ে বড়ো বৃষোৎসর্গ শ্রাদ্ধের আয়োজন করব। যতই হোক বাবা তো আমাদের উপযুক্ত করে বড়ো করেছেন। আমাদের কাজ তাঁর শ্রাদ্ধ শান্তিটা আড়ম্বরপূর্ণ করে পালন করার।’’
সেজ ভাইয়ের সঙ্গে সুর মিলিয়ে বড়দা বলেন, ‘‘আমি ভাবছি, কাজের তিনদিনই সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত রাজ্যের সবচেয়ে জনপ্রিয় নাম সংকীর্তন দলকে আমন্ত্রণ করে আনা হবে।’’
বড়ো ও সেজ ছেলে তাঁকে গুরুত্ব দেয়ায় অধিকারী আমোদিত হয়ে বললেন, ‘‘সেজ খোকা, বড়ো খোকা, যথেষ্ট প্রতিষ্ঠিত এখন তোমরা। বাপের সন্তান হিসেবে এগুলো করা খুবই জরুরি। এমন কাজ করো লোকে যেন বলে, সামন্ত পোয়েরা বাপের কাজের মতো একটা কাজ করেছে। সব্বাইকে তাক লাগিয়ে দাও।
অয়ণাংশু কিঞ্চিত নার্ভাস অনুভব করছে, উদ্ভূত পরিস্থিতির ঘূর্ণিপাকে। গাঁয়ের সংস্কৃতি, আচার বিচার বড্ড স্পর্শকাতর বিষয়! তাকে ‘গোঁয়ার’, ‘এক রোখা’, ‘আনাড়ি’ ইত্যাদিতে দাগিয়ে দেয়া কয়েক নিমেষেই সম্ভব! এই সময় নাতনির থেকে শুনেই বাইরে বেরিয়ে আসেন অয়ণাংশুর মা।
‘‘কোনো কথাই এখানে খাটবে না, বড়খোকা, সেজখোকা। তোমাদের বাবা অয়নের যুক্তি উপলব্ধি করে চক্ষু দান, দেহদান ইত্যাদি সব প্রতিজ্ঞাপত্র করে গেছেন। ওটা সবচেয়ে সেরা কাজ। আমার ক্ষেত্রেও ওই ব্যবস্থা করা আছে। আর হ্যাঁ, এটাও তোমাদের জেনে রাখা ভালো, শ্রাদ্ধের কোনো প্রয়োজন নেই। শ্রদ্ধা থেকে শ্রাদ্ধের শুরু। তোমরা বাবার জীবিতকালে বিন্দুমাত্র শ্রদ্ধা কর্তব্য দেখাতে পারনি। এখন লোক দেখানোর জন্য ঘটা করার দরকার নেই। অয়ণ একটি স্মরণ সভা করবে, ওর বাবাকে নিয়ে। এসব আলোচনা তোমাদের বাবার সঙ্গেই করা হয়েছে অনেক আগেই। উনি তখন বেশ সুস্থই ছিলেন। অয়ণের এমন অভিনব ভাবনাতে সম্মতি দিয়ে গেছেন, তোমাদের বাবা। তোমরাও উপস্থিত থাকবে।’’ লোকজনের গুঞ্জনের মাঝে স্পষ্ট জানিয়ে দিলেন সিদ্ধান্তটা! তাঁর অবস্থান।
আর কোনো বিতর্কে জড়ানো সঠিক মনে হলো না প্রয়াত সামন্তের অতিথি পুত্রদের। অয়ণাংশু সম্পূর্ণ অবাক হয়ে গেল রণক্ষেত্রে মায়ের ভূমিকায়। তার হয়ে পুরো যুদ্ধটা একা লড়ে গেলেন মা। এই বয়সে! রামানন্দ সামন্তকে নিয়ে শববাহী গাড়ি রওনা হলো মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে।