ছোটদের কথা
ছোটদের কথা
ইতিহাসের গল্প
মধ্যপ্রদেশের এক প্রাচীন রাজ্য নরওয়ার। পৌরাণিক কাহিনিতে তার নাম নলপুর। মহাভারতে যে নল রাজার কাহিনি রয়েছে এটা নাকি তাঁরই রাজ্য ছিল এমনটাই লোকে বিশ্বাস করে। বিন্ধ্য পর্বতের পাদদেশে কালীসিন্ধু নদীর তীরে সেই রাজ্যে একসময় রাজত্ব করতেন রাজা মানসিংহ। সময়টা ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ। সারা দেশে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তখন চলছে ব্যাপক গণ-আন্দোলন যার নাম সিপাহি বিদ্রোহ। রাজা মানসিংহও সেই সময় বিদ্রোহীদেরকে সহযোগিতা করতে এগিয়ে এসেছিলেন বলে তিনি ইংরেজদের চরম শত্রু হয়ে উঠেছেন।
নরওয়ারে রয়েছে এক প্রাচীন দুর্গ। পাশেই গোয়ালিয়র রাজ্যেও রয়েছে বিখ্যাত দুর্গ আর সেই রাজ্য তখন সিন্ধিয়া রাজবংশের শাসনে। ব্রিটিশের নেকনজর পড়েছে এইসব রাজ্যগুলোর ওপরে, কারণ রাজারা বিদ্রোহীদেরকে মদত জোগাচ্ছেন বলে অভিযোগ।
এরকমই একজন হলেন রানি লক্ষীবাঈ। ঝাঁসির সিংহাসনে বসে তিনি যখন রাজত্ব চালাচ্ছেন তখন সেই রাজ্য দখল করতে চাইল ব্রিটিশরা। অত্যন্ত সাহসী আর যুদ্ধবিদ্যায় পারদর্শিনী লক্ষীবাঈ কিছুতেই ইংরেজদের অধীনতা মেনে নিতে রাজি নন। সরাসরি যুদ্ধে নামতে তৈরি হলেন তিনি। এদিকে দেশজুড়ে শুরু হয়েছে মহাবিবদ্রোহ। সেই বিদ্রোহের একজন নেত্রী হিসেবে তিনিও এগিয়ে এলেন যুদ্ধক্ষেত্রে। পরনে তাঁর পুরুষের পোশাক, পিঠে বেঁধে নিয়েছেন শিশুপুত্রকে। শত্রুপক্ষকে বিভ্রান্ত করার জন্যে এরকম সাজপোশাকে নিজেকে ঢেকে রেখে তরবারি হাতে নিয়ে ঘোড়ার পিঠে চেপে তিনি বীরবিক্রমে যুদ্ধে নেমেছেন। লক্ষীবাঈয়ের সঙ্গে ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়েছেন আরও অনেক নেতা। তাঁদের মধ্যে অন্যতম দু’জন হলেন নানাসাহেব আর রামচন্দ্র পাণ্ডুরঙ্গ ইয়েওলকর যাঁকে সকলে তাঁতিয়া টোপি নামেই চেনে।
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনারা ভাবতে পারেনি যে সিপাহিদেরকে কেন্দ্র করে ১৮৫৭-৫৮ সালে সারা ভারত জুড়ে এরকম একটা জোরদার লড়াই চলবে। নেতা-নেত্রীরা এমন কায়দায় যুদ্ধ করছেন যে সামাল দিতে রীতিমতো হিমশিম খাচেছ ব্রিটিশ ফৌজ। তাদের প্রচুর আধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে তবুও--।
শেষমেশ অবশ্য ব্রিটিশরাই এগিয়ে রইল। তারা দখল করে নিল গোয়ালিয়র দুর্গটাকে। বীরবিক্রমে লড়াই করেও ঘোড়ার পিঠ থেকে পড়ে আহত রানি লক্ষীবাঈ যুদ্ধক্ষেত্রে প্রাণ দিলেন। নানাসাহেবকেও পরাজিত হতে হল। আর তাঁতিয়া টোপি! তিনি ব্রিটিশের নজর এড়িয়ে পালিয়ে গেলেন অজানার উদ্দেশে।
কিন্তু কোথায় লুকোলেন তাঁতিয়া টোপি? তিনি ঘুরে বেড়াচেছন মধ্যভারতের জঙ্গলে জঙ্গলে। সেখান থেকেই সুযোগ বুঝে গেরিলা কায়দায় আক্রমণ করছেন ব্রিটিশ সেনাবাহিনীর ওপরে। তাদের দখল করা রাজ্য গুলোকে আবার ফিরে পাওয়ার জন্যে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন গোপনে গোপনে। এসব খবর ব্রিটিশরা জানে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোয়েন্দারা তাই হন্যে হয়ে খুঁজছে তাঁকে। মহাবিদ্রোহের এই নেতাকে ধরতে না পারলে স্বস্তি নেই। তার জন্যে পুরস্কারের কথাও ঘোষণা করে দেওয়া হয়েছে চারিদিকে।
তাঁতিয়া টোপি খুব সতর্ক। কোনও ভাবেই ধরা দিতে চান না। তাঁর গতিবিধির কথাও বিশেষ কেউ জানে না। তবে নরওয়ারের রাজা মানসিংহের সঙ্গে গোপনে যোগাযোগটা রয়েছে। এই রাজা তাঁর বিশেষ বন্ধু। বিদ্রোহ চলাকালীন একে অপরকে নানা ভাবে সহযোগিতা করেছেন। সেই মানসিংহই এখন প্রিয় বন্ধুকে আমন্ত্রণ জানালেন তাঁর রাজ্যে, ‘আপনি এখানেই আশ্রয় নিন। কেউ জানতেও পারবে না। নরওয়ারের দুর্গ আছে, সুরক্ষিত বনজঙ্গলও আছে। আপনি ব্রিটিশের নজর এড়িয়ে নিরাপদে থাকতে পারবেন।’
পালিয়ে-বেড়ানো তাঁতিয়ার কাছে প্রস্তাবটা বেশ ভাল লাগল। মানসিংহের প্রতি নিজেকে কৃতজ্ঞ মনে করলেন, কারণ তাঁর সন্ধানে ইংরেজরা যেভাবে চেষ্টা চালাচ্ছে তাতে এখন একটা নিরাপদ আশ্রয় দরকার। পরম বন্ধু মানসিংহ তাঁকে বাঁচানোর জন্যে এগিয়ে এসেছেন, তাঁকে সুরক্ষিত রাখতে চাইছেন। এটা কি কম সৌভাগ্যের কথা!
রাজা মানসিংহও অবশ্য তখন খুব অশান্তির মধ্যে দিন কাটাচেছন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নরওয়ার রাজ্য দখল করেছে। আবার গোয়ালিয়রের সিন্ধিয়া রাজবংশের সঙ্গে তাঁর বিবাদ চলে আসছে বহুদিন ধরে। তারাও এখন প্রতিশোধ নেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছে। সব মিলিয়ে বড় বিপন্ন রাজা মানসিংহ।
নিজের জীবনের ভয় তো আছেই, তাছাড়া যাবতীয় বিষয় সম্পত্তি আর পরিবার-পরিজনদের ওপরেও নেমে আসতে পারে চরম সংকট। ব্রিটিশরা এটাকেই এখন কাজে লাগাতে চাইছে। আর সুযোগ বুঝে ঠিক তখনই তাদের তরফ থেকে একটা লোভনীয় প্রস্তাব পাঠানো হল রাজার কাছে--‘আমরা আপনার রাজ্য ফিরিয়ে দেব, গোয়ালিয়রের পক্ষ থেকে আক্রমণ হলে আপনাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। ভবিষ্যতে আপনাকে আর পরিবারের সকলকে যাবতীয় নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু, আমরা জানি, আপনার বন্ধু তাঁতিয়া টোপি এখন আপনারই আশ্রয়ে কোনও জায়গায় লুকিয়ে আছে। সে ভয়ংকর যোদ্ধা, বেঁচে থাকলে ভবিষ্যতে আমাদের অনেক ক্ষতি করতে পারে। ...তাকে ধরিয়ে দিতে হবে।’
প্রস্তাব শুনে খানিকটা দ্বিধায় পড়লেন রাজা মানসিংহ। এখন কী করা উচিত হবে? বিপদের সময় বন্ধুকে আশ্রয় দিয়েছেন ঠিকই, কিন্তু এই সময় তাঁর নিজের সংকটও তো কিছু কম নয়। ব্রিটিশের শর্ত খুব সহজেই তো পূরণ করতে পারেন, তাহলে সবদিক থেকেই ভবিষ্যতে সুরক্ষিত আর নিরাপদে থাকার বিষয়টা একেবারে মজবুত হয়ে উঠবে। তাছাড়া সারা দেশ জুড়ে মহাবিদ্রোহের যে আগুন জ্বলছিল তার তেজ অনেকখানি কমে এসেছে, ক্রমশ জোরদার হয়ে উঠছে ব্রিটিশের শক্তি। তাহলে এখন সেই ব্রিটিশদের শরণাপন্ন হওয়া ছাড়া তো গতি নেই।
তাঁতিয়া টোপি কিছুই জানেন না। তিনি নিশ্চিন্তে তাঁবুতে ঘুমোচেছন। পারোনের জঙ্গলে তখন মধ্যরাত। একেবারে শুনশান গোটা এলাকা। মানসিংহের রক্ষীরা পাহারায় রয়েছে। বন্ধুর নিরাপদে থাকার জন্যে সব ব্যবস্থা করেছেন রাজা।
হঠাৎ ঘুম ভেঙে গেল তাঁতিয়ার। রাজার রক্ষীদের সঙ্গে এত ব্রিটিশ সৈন্য কেন? চারিদিক থেকে গোটা এলাকাকে ঘিরে ফেলা হয়েছে। ব্রিটিশ সেনাবাহিনীর মেজর রিচার্ড মিড চিৎকার করে বললেন, ‘পালানোর চেষ্টা করবেন না। আপনি বন্দী।’
ব্যাপারটা বুঝতে একটু সময় লাগল তাঁতিয়ার। তার মানে পরম বন্ধু রাজা মানসিংহ তাঁকে ফাঁদে ফেলেছেন! রাগে, দুঃখে, অভিমানে তিনি তখন একেবারে বাক্যহারা।
১৮৫৯-এর এপ্রিল মাসের ১৮ তারিখে সামরিক আদালতের বিচারে ফাঁসি দেওয়া হল তাঁতিয়া টোপিকে। ব্রিটিশের বিরুদ্ধে দেশের হয়ে লড়াই করতে গিয়ে পঁয়তাল্লিশ বছর বয়সে শহিদ হলেন মহাবিদ্রোহের সেই নেতা। তার জন্যে যতখানি না দুঃখ তার চেয়েও বেশি আক্ষেপ তাঁর। ...ইস্, কী ভুল করে ফেলেছেন!... এত বড় বিশ্বাসঘাতকতা!