ছোটদের কথা
ছোটদের কথা
হাতে খড়ি
শহিদ শিবশংকর সেবা সদনে স্বাধীনতা সংগ্রামী ফকিরচন্দ্র রায় স্মৃতি সাধারণ গ্রন্থাগার আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম তিনজনের প্রবন্ধ দেওয়া হল।
দশম শ্রেণি, বর্ধমান নিবেদিতা কন্যা বিদ্যালয়, ২য়
‘‘বই-এর পাতায় লুকিয়ে আছে
আলোক-ঝর্ণাধারা
বই পড়েই তো মানুষ চেনে বিশ্ব—
হিল্লোল সারা।’’
‘বই’ মানুষের জীবনে এক অন্যতম শ্রেষ্ঠ সম্পদ ও পরম আত্মীয়। মানব সভ্যতার সূচনা থেকে আজ পর্যন্ত জ্ঞান, বিজ্ঞান ও ইতিহাসের শ্রেষ্ঠ নির্দেশগুলো বই-এর পাতায় বন্দী হয়ে আছে। বই পড়ে মানুষ শুধু যে অনাবিল আনন্দ পায় তা-নয় বরং নিজের জীবনের চেতনাকে জাগ্রত করে। প্রাবন্ধিক প্রমথ চৌধুরী যথার্থই বলেছেন, ‘‘লাইব্রেরি হল মনের হাসপাতাল।’’ তাই মানব জীবনে বই পড়ার আনন্দ ও প্রয়োজনীয়তা চিরকাল অপরিসীম ও অনস্বীকার্য।
বই পড়ার আনন্দ : বই পড়ার আন¨ এক অবর্ণনীয় ও স্বর্গীয় অনুভূতি একটি বই মানুষকে নিমেষেই নিয়ে যেতে পারে অচেনা কোনো দূর দেশে কিংবা অজানা কোনো সুদূর অতীতে। ঘরে বসেই নীল নদের দেশ কিংবা হিমালয়ের চূড়ায় ঘুরে আসা সম্ভব শুধু বই-এর পাতায় ভর করে। কল্পনাবিলাসী মানুষ বই-এর গল্প, উপন্যাস ও কবিতার মধ্যে নিজের জীবনের পরম আনন্দ খুঁজে পায়। বাস্তব জীবনের দুঃখ-কষ্ট, ক্লান্তি, একঘেয়েমি থেকে মুক্তি দিতে বই এক জাদুকরি ভূমিকা পালন করে। বই পড়ার সময় পাঠক লেখকের তৈরি অন্য জগতে হারিয়ে যায়। যেখানে কোনো কৃত্রিমতা নেই। এই অনাবিল নির্মল আনন্দ মানুষের মনকে সতেজ ও প্রফুল্ল রাখে।
বই পড়ার প্রয়োজনীয়তা : শুধু আনন্দের জন্য নয় মানুষের মানসিক ও বৌদ্ধিক বিকাশের জন্য বই পড়া একান্ত প্রয়োজন। নিচে এর মূল প্রয়োজনীয়তা গুলি দেওয়া হল--
(ক) জ্ঞান অর্জন : বই হল জ্ঞানের আদি ভাণ্ডার। প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের ডিগ্রি দেয়। কিন্তু প্রকৃত জ্ঞান ও মুক্ত চেতনা দেয় ভালো বই। ইতিহাস, বিজ্ঞান ও সাহিত্যের বইগুলি মানুষের জানার পরিধিকে বহুগুণ বাড়িয়ে দেয়।
(খ) মানসিক চেতনা : নিয়মিত বই পড়ার ফলে মানুষের মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে। এটি মানুষের চিন্তাশক্তি, গভীর বিশ্লেষণের ক্ষমতা ও যুক্তিবোধকে উন্নত করে।
(গ) ভাষার দখল : নিয়মিত বই পড়ার ফলে নতুন শব্দের সাথে পরিচয় হয়। ফলে মানুষের কথা বলা ও লেখার মান উন্নত হয়, যা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফল হতে সাহায্য করে।
(ঘ) চরিত্র গঠন : ভালো বই পড়ার ফলে মানুষের হৃদয়ের সুকুমার বৃত্তিগুলি নিখুঁত ভাবে ফুটে ওঠে। মহান ব্যক্তিদের জীবনী পড়ার ফলে মানুষের মনে সততা, সহানুভূতির মতো মহৎ গুণাবলি গড়ে ওঠে।
(ঙ) একাকীত্ব দূরীকরণ : বই হল মানুষের সবচেয়ে বিশ্বস্ত ও নিঃস্বার্থ বন্ধু। বিপদের সময় সবাই ছেড়ে যেতে পারে কিন্তু বই কখনো ছেড়ে যায় না। একাকীত্বের অবসাদে বই-ই হতে পারে মানুষের সবচেয়ে বড়ো আশ্রয়।
বর্তমান প্রেক্ষাপট ও বই পড়ার অভ্যাস : আজকের ডিজিটাল যুগে স্মার্টফোন ও ইন্টারনেটের সহজলভ্যতা। ফলে ইউটিউব, ফেসবুক বা ওটিটি প্ল্যাটফর্মের ভিড়ে বই পড়ার অভ্যাস দিন দিন হারিয়ে যাচ্ছে। স্ক্রিন টাইম বাড়ার কারণে মানুষের মনযোগ কমছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে আমাদের আবার বই-এর পাতায় ফিরে আসতে হবে। কারণ একটি ভালো বই মানুষকে জীবনবোধ ও স্থায়ী প্রশান্তি দেয়।
উপসংহার : পরিশেষে নিদ্বির্ধায় বলা যায় বই মানুষের মনের অবরুদ্ধ চোখ খুলে দেয় এবং দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। একটি সমাজ বা জাতিকে সুশিক্ষিত ও উন্নত করতে বই পড়ার কোনো বিকল্প নেই। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি স্তরে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আসুন, আমরা নিজেরা, নিয়মিত ভালো বই পড়ি, অন্যকে সুন্দর বই উপহার দিই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হয়,
‘‘বই হলো অতীত ও বর্তমানের সঙ্গে বেঁধে ফেলা একটি সাঁকো।’’