ছোটদের কথা
ছোটদের কথা
জানা-অজানা
অ্যান্টার্কটিকা বললেই তোমার মাথায় কী কী ছবি ভেসে ওঠে? বরফে ঢাকা বিশাল প্রান্তর, পেঙ্গুইন, সিল? তাই তো? ঠিকই ধরেছ! কিন্তু বরফের সেই বিশাল মহাদেশে যে একটি আস্ত ডাকঘর লুকিয়ে আছে, সেটা কি জানো?
হ্যাঁ, সত্যিই আছে! আর তার ডাকনাম ‘পেঙ্গুইন পোস্ট অফিস’। নামটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছ, এই ডাকঘরের চারপাশে কারা থাকে! হাজারেরও বেশি জেন্টু পেঙ্গুইনের বাস এই এলাকায়। বরফের দেশে কাঠের ছোট্ট একটা ডাকঘর, তার চারপাশে সারি সারি পেঙ্গুইন। দৃশ্যটা ঠিক যেন কোনও রূপকথার বই থেকে উঠে এসেছে! চলো, পৃথিবীর একেবারে প্রান্তে থাকা এই অদ্ভুত সুন্দর ডাকঘরটির গল্প জেনে নেওয়া যাক।
পৃথিবীর শেষ প্রান্তে ডাকঘর?
প্রথমেই একটা মজার কথা--পেঙ্গুইন পোস্ট অফিস কিন্তু একেবারে দক্ষিণ মেরুতে অবস্থিত নয়। যেমন পৃথিবীর সবচেয়ে উঁচু ডাকঘরটি মাউন্ট এভারেস্টের একেবারে চূড়ায় দাঁড়িয়ে নেই, তেমনই এই ডাকঘরটিও দক্ষিণ মেরুর ঠিক ওপরে নয়।
অ্যান্টার্কটিকা পেনিনসুলার একটি ছোট্ট দ্বীপে এর ঠিকানা। তবে পৃথিবীর অন্য সব ডাকঘরের তুলনায় এটি এতটাই দক্ষিণে যে, একে পৃথিবীর দক্ষিণতম ডাকঘর বলাই যায়। চারদিকে বরফ, সমুদ্র, দূর-দূরান্ত পর্যন্ত মানুষের বসতি নেই। তার মাঝখানে একটি ছোট্ট কাঠের বাড়ি আর তার চারপাশে পেঙ্গুইনের আনাগোনা! তাই জায়গাটিকে পৃথিবীর একেবারে শেষ প্রান্ত মনে হওয়াই স্বাভাবিক!
কোথায় আছে পেঙ্গুইন পোস্ট অফিস?
পেঙ্গুইন পোস্ট অফিসটি রয়েছে গুডিয়ার আইল্যান্ডের পোর্ট লকরয়তে। জায়গাটি ব্রিটিশ অ্যান্টার্কটিক টেরিটরির অন্তর্গত। এই বাড়িটার ইতিহাস কিন্তু বেশ পুরনো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ১৯৪৩ সালে ব্রিটিশ সরকার অ্যান্টর্কটিকায় একটি গোপন অভিযান চালায়। তার নাম ছিল অপারেশন ট্যাবারিন। এই অভিযানের অংশ হিসেবে সেখানে তিনটি গোপন সামরিক ঘাঁটি তৈরি করা হয়, যার একটি ছিল পোর্ট লকরয়ে।
যুদ্ধ শেষ হওয়ার পর, ১৯৪৫ সালে জায়গাটিকে গবেষণাকেন্দ্র হিসেবে ব্যবহার করা শুরু হয়। ১৯৬২ সাল পর্যন্ত সেখানে গবেষণার কাজ চলেছিল। তারপর অনেক বছর কেটে যায়। অবশেষে ১৯৯৬ সালে পুরনো বাড়িটি সংস্কার করে আবার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। আর তখনই এটি হয়ে ওঠে পৃথিবীর দক্ষিণতম ডাকঘর!
সেখানে কীভাবে যাওয়া যায়?
আজকের দিনে অ্যান্টার্কটিকা যাওয়া যতটা সহজ, তিরিশ-চল্লিশ বছর আগেও কিন্তু ব্যাপারটা মোটেই তেমন ছিল না। আর তারও অনেক আগে? তখন অ্যান্টার্কটিকা যেন পৃথিবীর মানচিত্রের এক অচেনা, ভয়ংকর প্রান্ত! ভাবো, আজ থেকে বহু বছর আগে যখন অভিযাত্রীরা সেখানে যেতেন, তখন তাদের কাছে ছিল না আধুনিক জাহাজ, উন্নত আবহাওয়ার পূর্বভাস, মোবাইল ফোন, ইন্টারনেট বা সহজে যোগাযোগের ব্যবস্থা। রোয়াল্ড আমুন্ডসেনের মতো অভিযাত্রীদের অ্যান্টার্কটিকা অভিযান ছিল একেবারেই অন্যরকম। প্রায় কোনও আধুনিক সুযোগ- সুবিধা ছাড়াই তাঁরা পাড়ি দিয়েছিলেন পৃথিবীর এই বরফময় প্রান্তরে। আরও আগে ক্যাপ্টেন কুকও দক্ষিণের এই অজানা সমুদ্রের কাছে পৌঁছেছিলেন কঠিন সব পরিস্থিতির মধ্যে।
বাঙালি বিজ্ঞানী ও পর্বতারোহী সুদীপ্তা সেনগুপ্তের ‘আন্টার্কটিকা’ বই পড়লে সেই কঠিন অভিযানের ছবিটা আরও স্পষ্ট হয়ে ওঠে। প্রায় তিরিশ বছর আগে তাঁর অ্যান্টার্কটিকা যাত্রাও ছিল বেশ চ্যালেঞ্জের। বরফ, প্রচণ্ড ঠান্ডা, উত্তাল সমুo, দীর্ঘ যাত্রা--সব মিলিয়ে সেখানে পৌঁছানোটাই ছিল বড়সড় একটা অভিযান। তবে এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। অ্যান্টার্কটিকা এখনও তুষারাবৃত ও দুর্গম জায়গা হলেও, আধুনিক জাহাজ ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এই নির্জন মহাদেশও আজ হয়ে উঠেছে একটি পর্যটন কেন্দ্র। যদিও যাত্রাপথ এখনও রোমাঞ্চকর। আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে জাহাজে উঠে পাড়ি দিতে হয় কুখ্যাত ড্রেক প্যাসেজ। সেখানে সমুদ্র এতটাই উত্তাল যে বিশাল জাহাজও মোচার খোলার মতো কখনও একদিকে, কখনও অন্যদিকে দুলতে থাকে। হয়তো দেখবে খাবারের টেবিল থেকে প্লেট গড়িয়ে যাচেছ, চারদিকে মানুষজন তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ছে, কেউ আবার সমুদ্রের দোলায় বমি করছে--সব মিলিয়ে সে এক হুলস্থুল কাণ্ড! কিন্তু দু’দিনের এই দুলুনি পেরিয়ে যখন প্রথম বরফে ঢাকা অ্যান্টার্কটিকা উপকূল চোখে পড়ে, তখন সব কষ্টই যেন সার্থক।
পেঙ্গুইন পোস্ট অফিসে কি সবাই যেতে পারে?
অবশ্যই! গ্রীষ্মকালে পোর্ট লকরয় হয়ে ওঠে পর্যটকদের অন্যতম আকর্ষণ। দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল সাধারণত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। এই সময়ে প্রতি বছর প্রায় ১৮ হাজার মানুষ পোর্ট লকরয়ে বেড়াতে আসেন।
কী দেখবে সেখানে?
বরফে ঢাকা এক অচেনা মহাদেশের মাঝে হঠাৎ একটি কালো কাঠের বাড়ি! তার জানলা আর দরজায় উজ্জ্বল লাল রং। এটাই ব্র্যান্সফিল্ড হাউস, পৃথিবীর দক্ষিণতম ডাকঘর। এখানে রয়েছে একটি ছোট্ট উপহারের দোকান, যেখানে পোস্টকার্ড, ডাকটিকিট ও অ্যান্টার্কটিকার নানা স্মারক পাওয়া যায়। মিউজিয়ামে ঘুরে দেখতে পারো পুরনো গবেষণার সরঞ্জাম, আবহাওয়ার নথি, বিছানা ও ১৯৪০-৫০-এর দশকের নানা জিনিসপত্র। আর অবশ্যই চারপাশে ঘুরে বেড়ানো অসংখ্য মিষ্টি জেন্টু পেঙ্গুইন!
কারা চালান এই ডাকঘর?
১৯৯৬ সালে সংস্কারের পর থেকে পেঙ্গুইন পোস্ট অফিসটির দেখাশোনা করে আসছে ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট। প্রতিবছর চার-পাঁচ জনের বিশেষজ্ঞের একটি দল এই ডাকঘর পরিচালনার দায়িত্ব নেন। তাঁদের কাজ কিন্তু বেশ কঠিন। পর্যটকদের স্বাগত জানানো, চিঠিপত্রের দেওয়া-নেওয়া সামলানো--এসবের পাশাপাশি পেঙ্গুইনদেরও নজরে রাখতে হয়। প্রজননের মরশুমে কতগুলি পেঙ্গুইন, তাদের গতিবিধি কেমন, সেসবও হিসাব রাখা তাদের কর্তব্যের মধ্যেই পড়ে।
কী ভাবছ? এমন অফিসে কাজ করতে কে না চাইবে?
তবে পুরোটা শোনো আগে। এই ডাকঘরের পরিচালকদের টানা পাঁচ মাস থাকতে হয় ছোট্ট একটি ঘরে, যেখানে সীমিত খাবার, ইন্টারনেট নেই, চিকিৎসার সুযোগও খুবই কম। তার ওপর অ্যান্টার্কটিকার আবহাওয়া কখন কী রূপ নেবে, তার কোনও ঠিক নেই। এমনকি প্রতি বছর সেখানে পৌঁছনোর পর তাঁদের প্রথম কাজ হয় বরফের আস্তরণ সরিয়ে ডাকঘরটিকে খুঁড়ে বের করে সচল অবস্থায় ফিরিয়ে আনা!
এবার আসল মজা--চিঠি পাঠানো যাবে?
অবশ্যই! ভাবো, পৃথিবীর একেবারে দক্ষিণ প্রান্ত থেকে তুমি তোমার প্রিয় মানুষকে একটি পোস্টকার্ড পাঠালে! খরচ মাত্র ১ ডলার। প্রতি বছর এই ছোট্ট ডাকঘর থেকে প্রায় ৮০ হাজার চিঠি পাঠানো হয়। তবে সেগুলি গন্তব্যে পৌঁছতে বেশ সময় লাগে।
প্রথমে সেগুলি যায় ফকল্যান্ড দ্বীপপুঞ্জের স্ট্যানলি পোস্ট অফিসে। সেখান থেকে রয়্যাল এয়ার ফোর্সের বিমানে করে যুক্তরাজ্যে পৌঁছয়। তারপর শুরু হয় সাধারণ ডাকব্যবস্থার যাত্রা। তাই পোস্টকার্ড পৌঁছতে কমপক্ষে দু’সপ্তাহ সময় লেগে যেতে পারে। এমনও হতে পারে, তুমি অ্যান্টার্কটিকা থেকে ফিরে বাড়িতে পৌঁছে গেছ, অথচ তোমার পাঠানো পোস্টকার্ড তখনও পথে!
পৃথিবী যে কত অদ্ভুত, মজার আর আশ্চর্য জায়গায় ভরা, এই ছোট্ট ডাকঘরটি যেন তারই আর-একটি প্রমাণ। যেমন আমাদের ভারতেও রয়েছে পৃথিবীর একমাত্র জলের ওপর ভাসতে থাকা ডাকঘর। তাই পৃথিবীকে জানার কৌতূহলটা জিইয়ে রাখো। কারণ, অবাক করার মতো গল্পের অভাব পৃথিবীতে একেবারেই নেই!