ছোটদের কথা
ছোটদের কথা
ইতালি দেশের লোককথা
ছোটবেলায় স্কুলে পড়াশোনার সময় শিক্ষক মশাইয়ের মুখে এই গল্পটা প্রথম শুনেছি। তখন জানা ছিল না এ গল্পটা ইতালি দেশের লোককথা। আজ হঠাৎ মনে হলো, ছোটবেলায় শোনা সেই গল্পটা এই সময়ের শিশু কিশোরদের জ্ঞাত করা একান্ত প্রয়োজন। তাহলে তারা বুঝতে পারবে--জীবে প্রেম করে যেই জন...।
ইতালির রাজধানী হলো রোম। সেসময় রোম ছিল একটা বড় নগরী। সেই নগরীতে তখন বাস করত এক নাইট। তার ছিল খুব শিকারের নেশা। সেই নেশার টানে তিনি প্রায় বেরিয়ে পড়তেন বনে, জঙ্গলে, গভীর অরণ্যে।
একদিন সেই শিকারের নেশায় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তিনি ঘোড়ার পিঠে চেপে বসলেন। দুপুর নাগাদ পৌঁছে গেলেন বনে। সেটা বন তো ঠিক নয়, বিশাল এক অরণ্য। বেশ কয়েক মাইল জুড়ে ছিল তার পরিধি। সেই অরণ্যে বাস করতো নানান রকম পশুপাখি, জীবজন্তু। নাইট বেশ কয়েকবার শিকার করতে গেছেন। শিকার করে নিয়ে এসেছেন প্রচুর পশুপাখি।
সেদিন অরণ্যে ঢুকে খুব অবাক হয়ে গেলেন নাইট। বলা যেতে পারে খুব ধন্ধে পড়ে গেলেন। এরকমটা তো কখনো হয়নি। সমস্ত অরণ্যটা যেন নিস্তব্ধ নীরব। জড় পদার্থে পরিণত হয়েছে। পশুর পদচারণ শব্দ, পাখিদের অবিরাম কুজন, গাছের পাতার মর্মর ধ্বনি, সব যেন উধাও হয়ে গেছে অরণ্য থেকে। ব্যাপারটা কী? কিছুই অনুমান করতে পারলেন না নাইট। তিনি তা জানার জন্য আরো গভীর অরণ্যে ঢুকে পড়লেন।
কিছু দূর যাবার পর হঠাৎ একটা তীব্র নিনাদ কানে এলো তার। সে নিনাদ শুনে চমকে লাফিয়ে উঠল ঘোড়া কোন রকমে টাল সামলালেন নাইট। বুঝতে পারলেন এটা সিংহের নিনাদ। তার দ্বিতীয় গর্জনে ঘোড়াটা এমন জোরে লাফিয়ে উঠলো, তিনি টাল সামলাতে না পেরে পড়ে গেলেন ঘোড়ার পিঠ থেকে। সভয়ে ঘোড়াটা তাঁকে ছেড়ে পালিয়ে গেল দূরে।
আকস্মিক এই দুর্ঘটনায় নাইট একেবারে মুষড়ে পড়লেন না। হাজার হলেও শিকারি মানুষ। মনের মধ্যে দারুন সাহস। তাই বিপদের আঁচ করে কোষবদ্ধ অস্ত্রটা বার করে হাতে নিলেন। কান দুটো হরিণের মতো সতর্ক করে রাখলেন। অধীর আগ্রহে প্রতীক্ষায় থাকলেন প্রতি আক্রমণের।
নাইট বুঝতে পারলেন সিংহের গর্জনটা যেন ক্রমশঃ এগিয়ে আসছে তাকে লক্ষ্য করে। একসময় তা নাইটের দৃষ্টি সীমায় চলে এল। তিনি দেখতে পেলেন একটা অতি বড়সড় সিংহ, তার ক্ষিপ্ততা, হিংস্রতা ভুলে, বেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে, খুব কষ্ট করে পায়ে পায়ে এগিয়ে আসছে তার দিকে। নাইট বুঝতে পারলেন, নিশ্চয়ই সিংহটা বিপদে পড়েছে। তার সাহায্য পাওয়ার আশায় এগিয়ে আসছে। নাইট আর একমুহূর্ত বিলম্ব না করে সাহস ভরে এগিয়ে গেলেন সিংহের দিকে।
কাছে যেতেই সিংহটা তার একটা পা তুলে ধরলো নাইটের দিকে। নাইটের নজরে পড়ল তার সেই পায়ের মধ্যে বিঁধে আছে একটা লৌহ শলাকা। আর তার ফলে ক্ষতস্থান দিয়ে বার হয়ে আসছে একরাশ তাজা রক্ত। নাইট মুহূর্তকাল বিলম্ব না করে উবু হয়ে বসে পড়লেন সিংহের সামনে। তার আহত পাটা নিজের হাঁটুর উপরে তুলে নিয়ে তরবারির সাহায্যে লৌহ শলাকাটা বার করে দিলেন ক্ষতস্থান থেকে। তারপর ওষধি গাছপাতা দিয়ে বেঁধে দিলেন তার ক্ষতস্থান। তারপর সিংহের চোখে চোখ রেখে বললেন--যাও। সব ঠিক হয়ে যাবে।
কৃতজ্ঞতায় চোখ দুটো ঝামটে সিংহ একবার নাইটের মুখের দিকে তাকিয়ে দেখে চলে গেল অরণ্যের গহীনে।
এ ঘটনায় ছয় সাত মাস পরের ঘটনা। অবৈধ ভাবে বনে ঢুকে শিকার করার অপরাধে একদিন নাইট ব¨ী হলো রাজার আদেশে। প্রথামাফিক একসময় তার বিচার বসলো। সেই বিচারে মৃত্যুদণ্ডের সাজা হলো নাইটের।
সেই সময় রোমে বিভিন্নভাবে মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হত। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে বিষধর সাপের মুখে, সিংহের খাঁচায়, হাতির পদতলে পিষে মারা হতো। নাইটের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সিংহের খাঁচায় ফেলে দেবার আদেশ হলো।
নির্দিষ্ট দিনে ক্ষুধার্ত একটা সিংহের খাঁচায় ছেড়ে দেওয়া হলো নাইটকে। একদম নিরস্ত্র অবস্থায়। ক্ষুধার্ত সিংহটা পায়ে পায়ে এগিয়ে গেল নাইটের দিকে। সভয়ে চোখ বুজলেন নাইট। ক্ষণিক পরে অনুভব করলেন সিংহটা তাঁর উপরে ঝাঁপিয়ে পড়েনি এখনো। চোখ খুলে দেখতে পেলেন, তার পদতলে শুয়ে আছে সিংহটা। দৃশ্য দেখে একেবারে হতভম্ব হয়ে গেলেন নাইট। একটু ভাল করে তাকিয়ে বুঝতে পারলেন, এই সেই সিংহ যার পা থেকে লৌহ শলাকা বার করে তাকে নতুন করে জীবন বাঁচিয়েছিলেন তিনি। তাই সস্নেহে তিনি তার গায়ে পিঠে হাত বুলিয়ে দিলেন। প্রাণভরে আদর করলেন।
মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ব্যক্তি ক্ষুধার্ত সিংহের খাঁচায় নির্বিবাদে তিন চার দিন কাটিয়ে দিয়েছে শুনে রাজা তো বিস্ময়ে হতবাক। চিন্তা করে পেলেন না, লোকটা আদবে কী? অতিমানব, নাকি কোনো জাদুকর?
ব্যাপারটা জানতে রাজার নির্দেশে নাইটকে সিংহের খাঁচা থেকে বার করে হাজির করা হলো তাঁর সামনে। রাজা তাকে বললেন--নাইট! একটা ক্ষুধার্ত সিংহ যখন তোমার মৃত্যুদণ্ড কার্যকর করেনি, তাই আমিও পুনরায় তোমার মৃত্যুদণ্ড কার্যকর করতে চাই না। অন্যভাবে অন্য আঙ্গিকে। তোমাকে আমি মুক্ত করে দেব এখান থেকে। তবে একটা কথা জানতে খুব ইচেছ করে, এটা কী করে সম্ভবপর হলো?
নাইট এক এক করে সমস্ত ঘটনাটা খুলে বললেন রাজাকে। রাজা শুনে খুব অবাক হলেন। অনেক কথা মনে মনে ভাবলেন। এই যুগে মানুষজনের মধ্যে কৃতজ্ঞতার অভাব পরিলক্ষিত হলেও পশু-পাখিদের মধ্যে আজও তা বর্তমান আছে দেখে খুব আন¨িত হলেন তিনি। কৃতজ্ঞতার মধ্যে যে স্বর্গসুখ লুকিয়ে আছে তা তিনি উপলব্ধি করলেন মর্মে মর্মে। কথামতো তিনি নাইটকে মুক্তি দিলেন সাজা থেকে। সেইসাথে নাইটের ইচ্ছে অনুসারে ও তাঁর একান্ত অনুরোধে ছেড়ে দিলেন সিংহকে। মুক্তি পেয়ে সিংহ ফিরে গেল তার অরণ্যের বাসায়। কিন্তু সেদিনের সেই ঘটনা চিরকালীনভাবে ঠাঁই করে নিলো বিশ্ব জনমানসে।