ছোটদের কথা
ছোটদের কথা
স্নেহের ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর নাম জানো। শরৎচন্দ্রের জন্ম ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলী জেলার দেবানন্দপুর গ্রামে। তাই এ বছর ১৫ সেপ্টেম্বর তাঁর জন্মের ১৫০ বছর পূর্ণ হয়েছে। অর্থাৎ এ বছর শরৎচন্দ্রের সার্ধশতবর্ষ জন্মবার্ষিকী। শরৎচন্দ্রের পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়, মাতা ভুবনমোহিনী দেবী। মতিলাল চট্টোপাধ্যায় ছিলেন সাহিত্যপ্রবণ ও স্বাধীনচেতা মানুষ। কিন্তু পরিবারের আর্থিক অনটনের জন্য শরৎচন্দ্রের শৈশব কেটেছে কঠিন অভাবের মধ্যে। তাঁর শৈশব কৈশোর কেটেছে তাঁর মামার বাড়ি ভাগলপুরে, সেখানে বিদ্যালয়ে পড়াশোনার সময় অল্প বয়সেই সাহিত্য ও নাটকের প্রতি তিনি আকৃষ্ট হন। তবে আর্থিক অনটনের কারণে তাঁর প্রথাগত উচ্চশিক্ষা সম্পূর্ণ হয়নি। তিনি এফ.এ. (বর্তমানে মাধ্যমিক) উত্তীর্ণ হতে পারেন নি। বাস্তব জীবনই তাঁর শিক্ষালয়। ভাগলপুরের প্রকৃতি, সাধারণ মানুষের জীবন, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ এবং তৎকালীন সমাজের নানা বৈষম্য, তিনি খুব কাছ থেকে দেখেছিলেন। সেই প্রত্যক্ষ অভিজ্ঞতাই পরবর্তীকালে তাঁর গল্প উপন্যাসের উপাদান হয়ে ওঠে।
শরৎচন্দ্রের কর্মজীবন কাটে বার্মায়, বর্তমান (মিয়ানমার)। তাঁর কর্মজীবন মসৃণ ছিল না। বার্মায় তিনি সরকারি দপ্তরে কেরানির কাজ করেছেন এবং পরে বিভিন্ন দপ্তরে কর্মরত ছিলেন। বার্মায় বসবাসের সময় তাঁর জীবনে নানা ধরণের মানুষের সঙ্গে পরিচয় ঘটে। বাঙালি প্রবাসী সমাজের জীবনযাত্রার পাশাপাশি বার্মার সমাজজীবনের সঙ্গে তাঁর পরিচয় ঘটে। বার্মায় দীর্ঘ সময় কাটানোর পর শরৎচন্দ্র ১৯১৬ সাল নাগাদ ভারতে ফিরে আসেন এবং হাওড়া জেলায় সামতাবেড়ে বসবাস শুরু করেন। এখানেই তার সাহিত্য জীবনের বহু গুরুত্বপূর্ণ রচনা করেন। পরবর্তীকালে কলকাতার সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ হয় এবং সাহিত্যিক হিসেবে সর্বভারতীয় পরিচিতি লাভ করেন। তাঁর প্রথম গল্প ‘বড়দিদি’। তার ‘পথের দাবী’ গ্রন্থটি পরাধীন ভারতে স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা। ব্রিটিশ ভারতে এই বইটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তাঁর রচিত অনেক গল্প নিয়ে সিনেমা হয়েছে। তিনি তাঁর প্রতিটি লেখার মধ্যে মানুষের সুখ-দুঃখের কথা অত্যন্ত সহজভাবে মানবিক দিক থেকে তুলে ধরেছেন তাই তিনি বাংলা সাহিত্যে কথা শিল্পী শরৎচন্দ্র হিসেবে খ্যাত হয়েছেন।
তাঁর রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ--পরিণীতা, বিরাজ বৌ, পল্লীসমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, অরক্ষণীয়া, গৃহদাহ, পথের দাবী, শেষ প্রশ্ন, বামুনের মেয়ে, নিষ্কূতি, বিন্দুর ছেলে, মেজদিদি, রামের সুমতি, বৈকুণ্ঠের উইল ইত্যাদি। তিনি অনেক ছোট গল্পও লিখেছেন।
আজকে সমাজজীবনেও তাঁর সাহিত্য সৃষ্টির বাস্তবতা বর্তমান। ৬১ বছর বয়সে কলকাতায় ১৯৩৮ সালের ১৬ই জানুয়ারী তিনি প্রয়াত হন। আমরা এই অমর কথাশিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করি।
তোমাদের সম্পাদক বন্ধু
ছেলে যদি মানুষ করিতে চাই তবে ছেলেবেলা হইতেই তাহাকে মানুষ করিতে আরম্ভ করিতে হইবে; নতুবা সে ছেলেই থাকিবে, মানুষ হইবে না। শিশুকাল হইতেই, কেবল স্মরণশক্তির উপর সমস্ত ভর না দিয়া, সঙ্গে সঙ্গে যথাপরিমাণে চিন্তাশক্তি ও কল্পনাশক্তির স্বাধীন পরিচালনার অবসর দিতে হইবে। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত কেবলই লাঙল দিয়া চাষ এবং মই দিয়া ঢেলা ভাঙা, কেবলই ঠেঙালাঠি মুখস্থ এবং একজামিন— আমাদের এই ‘মানব-জনম’-আবাদের পক্ষে, আমাদের এই দুর্লভ ক্ষেত্রে সোনা ফলাইবার পক্ষে যথেষ্ট নহে। এই শুষ্ক ধূলির সঙ্গে, এই অবিশ্রাম কর্ষণ-পীড়ণের সঙ্গে রস থাকা চাই। কারণ, মাটি যত সরস থাকে ধান তত ভালো হয়। তাহার উপর আবার এক-একটা বিশেষ সময় আসে যখন ধান্যক্ষেত্রের পক্ষে বৃষ্টি বিশেষরূপে আবশ্যক। সে সময়টি অতিক্রম হইয়া গেলে হাজার বৃষ্টি হইলেও আর তেমন সুফল ফলে না। বয়োবিকাশেরও তেমনি একটা বিশেষ সময় আছে যখন জীবন্ত ভাব এবং নবীন কল্পনাসকল জীবনের পরিণতি এবং সরসতা-সাধনের পক্ষে অত্যাবশ্যক, ঠিক সেই সময়টিতে যদি সাহিত্যের আকাশ হইতে খুব এক পশলা বর্ষণ হইয়া যায় তবে ‘ধন্য রাজা পূণ্য দেশ’।
—রবীন্দ্রনাথ