ছোটদের কথা
ছোটদের কথা
পুরানো সেই দিনের কথা
সুদক্ষিণা মুখার্জী ● ছাত্রী, বাংলা বিভাগ ● সিউড়ি বিদ্যাসাগর কলেজ
সেদিন অনেকদিন পর আমাদের স্কুলের সামনে গিয়েছিলাম। গেটের সামনে দাঁড়াতেই বুকের ভেতর কেমন একটা অনুভূতি হলো। মনে হলো, সময় যেন হঠাৎ পিছিয়ে গেছে। চোখের সামনে ভেসে উঠল আমার ছোটবেলার সেই দিনগুলো।
স্কুলে যাওয়ার জন্য সকালে মায়ের ডাক, তাড়াহুড়ো করে ইউনিফর্ম পরা, চুল আঁচড়াতে না চাওয়া আর ব্যাগের ভেতর বই-খাতা ঠিকমতো ঢুকেছে কিনা তা নিয়ে ব্যস্ত হয়ে পড়া--সবকিছু যেন এখনও মনে আছে। কোনোদিন ঘুম থেকে উঠতে দেরি হলে মা বলতেন, ‘‘তাড়াতাড়ি কর, আজ আবার দেরি হয়ে যাবে!’’ আর আমি জুতো পরতে পরতেই দরজার দিকে ছুটতাম।
স্কুলে পৌঁছানোর পর বন্ধুদের সঙ্গে দেখা হলেই যেন সব ক্লান্তি দূর হয়ে যেত। আমাদের সবচেয়ে প্রিয় জায়গা ছিল ক্লাসের জানালার পাশের বেঞ্চটি। সেখানে বসে আমরা পড়াশোনার পাশাপাশি কত গল্প যে করতাম! শিক্ষক ক্লাসে ঢুকলেই অবশ্য সবাই খুব মনোযোগী ছাত্রের মতো চুপ করে যেতাম।
টিফিনের সময় ছিল আমাদের কাছে দিনের সবচেয়ে আন¨ের সময়। কারও কাছে লুচি, কারও কাছে পরোটা, কারও কাছে বিস্কুট--সবশেষে দেখা যেত, প্রত্যেকের টিফিনই হাপিস হয়ে গেছে। একবার আমি তাড়াহুড়ো করে টিফিন আনতে ভুলে গিয়েছিলাম। সেদিন আমার এক বন্ধু নিজের টিফিনের অর্ধেকটা না দিয়ে পুরো টিফিনটাই আমার সঙ্গে ভাগ করে খেয়েছিল। সেই ছোট্ট ঘটনাটি আজও আমার মনে আছে। তখন হয়তো বন্ধুত্বের মূল্য বুঝিনি, কিন্তু এখন বুঝি--সত্যিকারের বন্ধুত্ব বড় বড় কথায় নয়, ছোট ছোট কাজে প্রকাশ পায়। সেই সব কিছু আজও আছে শুধু নেই আমি আর আমার স্কুল যাবার তাড়া। কোনো এক কোণে অ্যাটেডেন্সের খাতায় আমার নাম জ্বল জ্বল করছে। তাতে অবশ্য ধুলো জমে যাবে হারিয়ে যাবে সব। কিন্তু হারাবে না সেই কোলাহল, সেই পড়াশুনো, সেই টিফিন এর স্মৃতি।
‘জীবন আমাকে যত দূরেই নিয়ে যাক, আমার স্কুল জীবন আমার হৃদয়ের এক কোণে চিরকাল সেই ছোট্ট, হাসিখুশি দিনগুলোর মতোই বেঁচে থাকবে।’