ছোটদের কথা
ছোটদের কথা
তালপাতার এক সেপাই এসে গুনছে কেবল নদীরই ঢেউ,
পথে হাঁটছে বেড়ালছানা ওকে কিন্তু দেখছে না কেউ।
শালিক টিয়ে চুকিত্কিত্ খেলবে বলে জুটল ঘাসে,
ঢ্যাম কুড়্কুড়্ বাদ্যি বেজে উঠল গাঁয়ে আশিন মাসে।
ব্যস্তবাগীশ বাগিয়ে ছাতা ছুটল তখন হাটের দিকে,
দোকানদার তার জাবদা খাতায় হিসেবখানা রাখছে লিখে।
দস্যি ছেলে খেলা শেষে নাইতে গেল নদীর জলে,
মাছেরা সব ভীষণ ভয়ে লুকোয় গিয়ে দলে দলে।
স্কুলবাড়িটার চারিপাশে ঝড় এসে তার দাঙ্গা বাঁধায়,
সিধুবাবু ছাতা মাথায় বটতলাতে ওই দ্যাখো যায়--
রাস্তা জুড়ে কাকের মিছিল গড়াচ্ছে না রথের চাকা,
মিনিট দশেক, মিটিং হল তারপরেতে ভোঁ ভোঁ--ফাঁকা।
বাতাস ঠিকই এগোচিছল ধাক্কা খেল ফ্ল্যাটের গায়ে,
মেলা দেখতে গাঁয়ের মানুষ চলল সবাই পায়ে পায়ে।
দিন ফুরুলে কখন যেন ফুরিয়ে গেল কথা বলা,
কলকাতাতে জেগে রইল একটা বাড়ি একুশতলা।