ছোটদের কথা
ছোটদের কথা
বিনুর দাদু কমলবাবু বিনুর সঙ্গে নিয়মিত খেলাধুলা করেন। এতে বিনুর পড়াশোনার ক্ষতি হবার আশঙ্কা। কারণ বিনুর এখন এইট। সময় নষ্ট করার সময় নয়। কিন্তু বিনু বাবাকে বোঝালো, দেখ বাবা, আমার পড়াশোনা হবেই। অনেক সময় আছে। দাদু বৃদ্ধ মানুষ। হাজার রোগ বালাইয়ে আক্রান্ত, কিন্তু লক্ষ্য করেছ, দাদু আমার সঙ্গে যতক্ষণ খেলা করে, সব রোগ ভুলে থাকে। শুধু তাই নয়, যে দাদু হাঁটুর যন্ত্রণায় এক পা বাড়াতে পারেন না। তিনি আমার সঙ্গে খেলতে ছাদে উঠে যেতে পারেন। একথা শুনে বিনুর বাবা খেলায় পারমিশন দিয়েছেন। বিনু বলেছে, বাবা গেইম থেরাপি। রোগ-সারানোর দাওয়াই খেলা। এসো দাদু, খেলি। তো দাদু দাওয়ার মেঝেতে জ্যামিতি আঁকার নিপুণ হাতে একটি বর্গক্ষেত্র এঁকে সেটিকে দুইটি কর্ণ দ্বারা চারটি ভাগে ভাগ করেন। আর তাদের কর্ণ এঁকে এমন একটি বক্স আঁকলেন যেটা অনেকটা দাবা খেলার মতো হলেও, দাদু বললেন, না, এটা দাবা, শতরঞ্জ কোন খেলার আন্তর্জাতিক খেলা ঘর নয়, এটি একান্তই বাংলার খেলা বাঘবন্দী খেলা। এই খেলাতে দুটি বড়ো গুটি বা বাঘ থাকে আর কুড়িটা ছোট গুটি বা ছাগল বা ভেড়া থাকে। দুপক্ষের খেলা। এক পক্ষে দুটি বাঘ, বিপক্ষে কুড়িটি ভেড়া বা ছাগল। হ্যাঁ, পৃথিবীর আদিম এবং চিরন্তন লড়াই। অস্তিত্ব রক্ষার লড়াই। খাদ্য আর খাদকের লড়াই। বাঁচতে গেলে বাঘকে ছাগল খেতে হবে। অন্যদিকে ছাগলের বাঁচার উপায় পালানো। তা ছাগল কি সেই দ্রুতগামী বাঘের সঙ্গে পেরে ওঠে! লড়াই তাই অসম লড়াই। প্রকৃতির মতোই চরম সত্য। অন্যান্য সব খেলার মতো এই খেলাতেও নির্দিষ্ট নিয়ম-বিধি আছে। যেমন, বাঘ একসঙ্গে চারটির বেশি ছাগল খেতে পারবে না। বাঘ বাবাজি যতই শক্তিশালী হোক, তাকে বাগে পেলে নিরীহ ছাগলের দল ঘিরে ফেলে বন্দী করে ফেলতে পারে। বাঘ বন্দী হলেই খেলা শেষ। তবে কুড়িটি ছাগলের মধ্যে ১৫/১৬টি ছাগল খেতে পারে, সেই গেমে বাঘ জিতে যায়। আর উল্টো দিকে ১৫/১৬টি ছাগলের দল শেষতক প্রাণপণ লড়াই করতে থাকে বাঘকে ঘিরে ফেলতে। এটাই বাঘ বন্দী খেলা। তো এই খেলার আরেকটা বৈশিষ্ট্য হল এটির জন্য বড় মাপের মাঠ বা কোর্ট প্রয়োজন হয় না। লাগে না কোন বাজারি এবং দামী সাজ কিম্বা সরঞ্জাম। শুধুমাত্র সামান্য পাথরের বা নিতান্তই মাটির ছোট ছোট ঢিল বা ঢেলা দিয়েই কাজ চলে মানে খেলা যায়, স্বাভাবিকভাবেই এই খেলা তাই ঐতিহাসিকভাবে এবং সামাজিক ভাবে গাঁয়ের তথাকথিত প্রান্তিক শিশু-কিশোর তথা রাখাল-বাগালদের দ্বারা উদ্ভুত একটি সরল এবং সাদা সিধে খেলা, যা গরু-মোষ, ছাগল-ভেড়া চরাতে চরাতে দিব্যি আলে বসে সেটুকু সময় খেলা যায়, ততক্ষণ পালের পশুগুলো বদমাইশি না করে, নিরীহ ভাবে চরে বা মাঠের ঘাস খেতে ব্যস্ত থাকে। হ্যাঁ, ততক্ষণেই ঐসব গরীব পরিশ্রমী বালকেরা খেলার ফুরসত পায়। যে মুহূর্তে মোড়ল-মহাজনের কোন বদমাশ, লোভী গরু, মোষ, ছাগল বা ভেড়া ঘাসের বাইরের ফসল খাবার লোভ করে, তৎক্ষণাৎ ওদেরকে খেলা ভঙ্গ করে গরু-মোষ ঘোরাতে ছুটতে হয়। বিনুর দাদু, তার বাল্যকালে পরের বাড়িতে রাখালি না করলেও গ্রামীণ গৃহস্থ বাড়ির ছেলে হিসেবে মাঠে মাঠে অনেকদিন গরু-মোষ চরিয়ে ছিলেন। এই সব তখনকার শেখা বিদ্যা। এখন দিব্যি বুড়ো বয়সে ভালো সময় কাটানোর জন্য নাতি-নাতনিসহ বিনোদনের চমৎকার কাজে লাগিয়ে মৌজ-মস্তি করতে পারছেন।
দুই
কিন্তু বিনুর মুশকিল হয়ে উঠেছে যে, সব খেলায় হার এবং জিত বা জয়-পরাজয় থাকে কিন্তু বিনুর দাদু কমলবাবু কখনও নিজে জিতে নিজের হাতে নাতিকে কদাচ হারাবেন না। অন্তত শেষের দিকে ইচ্ছাকৃত ভুল চাল দিয়ে নিজে হারবেন। এসব আর ভালো লাগেনা বিনুর। কারণ সেও তো বড় হয়েছে। তার ভালো লাগে না এভাবে একতরফা ভাবে বার বার জিতে যেতে। কিছু বললে, দাদু উত্তর দেন, ও হারলে হতাশা বাড়তে পারে, যদি খেলা ছেড়ে দেয়, আমি খেলবো কার সাথে? বাঘ বন্দী খেলায় এই রকম বিদ্ঘুটে ব্যাপার শুনে ঠাকুমা মিনতি বললো, ‘‘আয় বিনু, আমার সঙ্গে লুডো খেলবি, কেমন আমাকে হারাতে পারিস, দেখি।’’ এই বলে ঠাকুমা তার বিয়েতে উপহার পাওয়া ভাঁজে ভাঁজে ছিড়ে থাকা লুডোর বোর্ড বার করে দুপুরে খাওয়ার পর নিজে নিজেই খেলতে বসে পড়েন। তা দেখে মা পিউ, ঠাকুরমার বিপরীতে বসে পড়ে। সবচেয়ে মজার ব্যাপার, ঠাকুমা মাকে হারিয়ে গো-হারা করেছেন দেখে দাদু আর বেশিক্ষণ থাকতে না পেরে তার বৌমার পাশে বসে যান। স্বাভাবিকভাবে ঠাকুমা তখনই তার পাশে বিনুকে ডেকে নেন। শেষমেষ খেলাটি হয়ে ওঠে বিনু-ঠাকুমা বনাম মা-দাদু।
তিন
আশ্চর্যজনক ভাবে এই লুডু খেলাতেও দাদু ইচ্ছাকৃত ভুল চাল দিয়ে নিজে হারেন আর আদরের নাতি আর বৌকে জেতান। ছক্কা।