ছোটদের কথা
ছোটদের কথা
তিন বছরের তিন্নি যেন এক পাকা গিন্নি। মুখে তার কথার ফুলঝুরি। কথা বলে দারুণ গুছিয়ে। শুধু উচ্চারণে কিছু গণ্ডগোল। ‘ক’-এর জায়গায় তিন্নি বলে ‘ত’। কোথায়কে বলবে তোথায়। কোকিলকে বলবে তোতিল। আবার ‘খ’-এর জায়গায় ‘থ’। খরগোশকে বলে থরগোশ। ‘গ’-এর জায়গায় ‘দ’। গরু-বাছুর হচ্ছে দরু-বাছুর। তবে ও নিজে যাই বলুক। কিন্তু ওর সামনে ওর মতো করে কেউ যদি উচ্চারণ করে তাহলে চেঁচিয়ে মাত করবে।
মাসখানেক আগে ওকে কিন্ডারগার্টেন স্কুলে প্লে- হাউসে ভর্তি করা হয়েছে। বেশির ভাগ দিন তিন্নিকে স্কুলে নিয়ে যাওয়া মানে পুরো দস্তুর যুদ্ধ করা। হাত-পা ছোঁড়া, কান্নাকাটি, মেঝেতে গড়াগড়ি। সে এক হইচই অবস্থা। কিন্তু স্কুল থেকে ফেরার সময় আবার সে সেই চেনা তিন্নি। বাড়িতে এসে খেলা করবে নিজের মনে। তিন্নি খুব ভালোবাসে রঙ-তুলি নিয়ে খেলতে। রঙের খেলা শুরুটা হয় কাগজ দিয়ে। কিন্তু শেষ হবে ঘরের মেঝেকে রাঙিয়ে দিয়ে। তিন্নির কাণ্ডকারখানা দেখে ওর দাদান হাসতে হাসতে বলে, ‘দিদিভাই আমার বড়ো হয়ে অবন ঠাকুর হবে। অবন ঠাকুরের মতো ওরও স্কুলে যেতে অনীহা এবং রঙ-তুলির ওপর ঝোঁক।’
গান খুব ভালোবাসে তিন্নি। গান না শুনলে ও কিছুতেই ঘুমোবে না। ওর ঠাম্মার লাঠি হচ্ছে ওর মাইক্রোফোন। লাঠির হাতলটা হচ্ছে মাইক। তাই মাঝে মাঝেই ঠাম্মার লাঠিটা নিয়ে শুরু হয় গান-গান খেলা। ওকে ঘুম পাড়াবার সময় যে গানগুলো হয় সেগুলোই কিছু কিছু তিন্নি তার নিজের মতো করে মাইকের সামনে দাঁড়িয়ে গাওয়া শুরু করে। সে-সময় কেউ হাসলে বা ঠাম্মা যদি লাঠিটা নিতে চায় তাহলেই শুরু করে রোদন সঙ্গীত।
বাড়ির উঠোনে খেলা করে যে দুটো বেড়ালছানা তিন্নি তাদের নাম দিেেয়ছে চুন্নু আর মুন্নু। ওরা যখন উঠোনে বা পাঁচিলে বসে খেলা করে তখন খাওয়া ফেলে ওদের খেলা দেখে তিন্নি। সেদিন তিন্নি কাউকে খুব চেঁচিয়ে বকছে শুনে ঠাম্মি কাছে যেতেই নালিশ জানিয়ে বলল, ‘দেখোনো ঠাম্মি চুন্নুটা ভীষণ দুষ্টু’। চুন্নু কী দুষ্টুমি করেছে জানতে চাইলে চোখ বড়ো বড়ো করে তিন্নি বলল, ‘চুন্নু ধাক্কা দিয়ে পাঁচিল থেকে ফেলে দিল মুন্নুকে। ওকে তখন থেকে বলছি মুন্নুকে সরি বলতে। কিন্তু ও কিছুতেই বলছে না। তুমি একটু বলতো ঠাম্মি সরি বলতে।’