ছোটদের কথা
ছোটদের কথা
সে-ডাক তোরা কেউ শুনেছিস? উঠেছিস সে ডাকে মেতে?
আমি সে-ডাক শুনবো বলে বসে ছিলাম দু-কান পেতে।
ওই বুঝি কেউ ডাকলো আমায়, পাগলপারা ছুটে চলি,
যাই হারিয়ে দূরের পথে, ঝরনা সাগর পাহাড়তলি,
দেখতে-দেখতে দিন ফুরালো, চাঁদের তরু ভিড়লো ঘাটে
এখন শুধুই চলার নেশা, সেই নেশাতেই প্রহর কাটে।
জল ছুঁয়ে যাই, বন ছুঁয়ে যাই মনে ভাবি ছুঁলাম তাকে,
পথ হারিয়ে বিবশ হয়ে থমকে দাঁড়াই পথের বাঁকে।
আবার যখন ঝিলমিলে রোদ, বাতাসও সুগন্ধে ভরা
দেখতে থাকি আকাশ বুকে যাচ্ছে উড়ে বিহঙ্গরা!
ওরাও বুঝি আমার মতন পেলো কী সেই খুশির সাড়া
ঠিক যেভাবে সাগর খুঁজে হচ্ছে পাগল নদীর ধারা!
ও পাখি তুই বলতে পারিস কোথায় তাকে পাবো যে ঠিক!
সে-ডাকটুকুই শুনবো বলে হয়েছি যে একলা পথিক।