ছোটদের কথা
ছোটদের কথা
পথের দুধারে সারি সারি গাছ মাথা তুলে ছিল দাঁড়িয়ে,
ছায়া ঢাকা সেই পথ ধরে আমি হেঁটে গেছি বহুদূর।
আজ দেখি সেই গাছগুলো নেই, ডাকে না আগের মতো,
ঝরা ফুল নেই, পথ জুড়ে শুধু রাগী চোখ রোদ্দুর।
দূষণের ধোঁয়া আকাশটা জুড়ে, রামধনু জাগে না যে,
মাঠগুলো সব উধাও এখন, ঢাকা পড়ে বহুতলে।
চাঁদ তারাদের আকাশ টুকরো, শরৎ দেয় না উঁকি
জ্যোৎস্নাও নেই, রাত্তিরে শুধু নিয়নের আলো জ্বলে।
পুকুরে ফুটত শাপলা-শালুক সে ছবিটা নেই আর,
চড়ুইয়ের দল উঠোনে এখন ঝাঁক বেঁধে জোটে না তো।
কত চেনা পাখি এখন শুধুই বইয়ের ছবিতে আঁকা,
ক্রমশঃ জীর্ণ সবুজ পৃথিবী হানবে প্রত্যাঘাতও।
আমার পৃথিবী সবুজে শ্যামলে আবার উঠুক ভরে,
গাছপালাগুলি আবার ফিরুক ভরা থাক ফুলে ফুলে।
পাখির পৃথিবী, নদীর পৃথিবী নিতে হবে আজ গড়ে,
এসো একসাথে জড়ো হই আজ শপথের হাত তুলে।