ছোটদের কথা
ছোটদের কথা
ল্যাজ নাড়িয়ে আকাশপাড়ায় উড়ে যেতে যেতে
কে যে দিল ডালচানাচুর আদর করে খেতে!
তাকিয়ে দেখি মস্ত বাড়ি, সেই বাড়িটার ছাদে
একটা মেয়ে গণ্ডাখানেক মণ্ডা হাতে কাঁদে!
আমায় ডেকে বলল...ঘুড়ি, খেলবে আমার সাথে?
অমনি দেখি আকাশখানাও আলোর খেলায় মাতে!
সেই আলোতেই মেঘগুলো সব হচ্ছে উড়োপাখি,
অবাক হয়ে তার দিকেতে আমরা চেয়ে থাকি!
সেই মেয়েটা কান্না ভুলে বলল, ওহে ঘুড়ি
ইচ্ছে আমার মেঘের মতন হাওয়ায় হাওয়ায় উড়ি,
থাকবো না আর বদ্ধ ঘরে যাবো অনেক দূরে,
খুশিগুলো রাখবো ধরে পদ্মপাতায় মুড়ে,
যেই না বলা...মেঘগুলো সব বন্ধু হয়ে এসে
উড়িয়ে নিয়ে চলে গেলো রামধনুকের দেশে!
যাওয়ার সময় বলল মেয়ে, শুনছো ওহে ঘুড়ি
মা ফিরলে বলো তাকে, এখন আমি উড়ি।
উড়তে উড়তে কোথায় যে যাই নিজেও কী তা জানি
সন্ধে হলে ফিরবে ঘরে তাদের মেয়ে রানি।